পরীক্ষা দেওয়া হলো না জান্নাত আক্তারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলায় গতকাল রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা। কিন্তু পরীক্ষা দেওয়া হয়নি কাপাসতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী জান্নাত আক্তারের। এর আগেই তার জীবনের আলো কেড়ে নিয়েছে এক পাষণ্ড।
গত মঙ্গলবার বাড়ির পাশের একটি মাঠ থেকে জান্নাতের লাশ উদ্ধার করে পুলিশ। জান্নাত কাপাসতলা গ্রামের ভ্যানচালক হুমায়ুন কবিরের মেয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন জানান, এ ঘটনার বিচার দাবি করে গত শুক্রবার এলাকাবাসী মানববন্ধন করেছেন।
হুমায়ুন কবির জানান, ওই দিন বেলা ১১টার দিকে জান্নাত বাড়ির পাশের মাঠে ঘাস আনতে যায়। দুপুর গড়িয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। পরে এলাকাবাসী তার লাশ মাঠে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে।
পরে স্থানীয় লোকজন একই গ্রামের দেলোয়ার হোসেনের (৩০) পরনের লুঙ্গি ও হাতে রক্ত লেগে থাকতে দেখে এ ঘটনায় তাঁকে সন্দেহ করেন। এ সময় দেলোয়ারকে ধরে পুলিশে দেওয়া হয়।