পরীক্ষা দেওয়া হলো না তাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসুক আহমদ, খোকন মিয়া ও রুস্তম আলী। এই তিনজন কখনো বালুশ্রমিক, কখনো কৃষিশ্রমিক আবার কখনো দিনমজুরের কাজ করে সংসার চালায়, সেই সঙ্গে লেখাপড়া। চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী তারা। গত ২২ এপ্রিল ছিল সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা। কিন্তু সাতসকালে একটি দুঃসংবাদ শুনে পরীক্ষার চিন্তা মাথা থেকে উবে যায় তাদের। এলাকার অন্যদের সঙ্গে দৌড়ে যায় হাওরে। ঢলের পানিতে তলিয়ে যেতে থাকা কাঁচা ধান কাটার চেষ্টা করে। এই ধানই যে তাদের সব। তাই সেদিন আর পরীক্ষা দেওয়া হয়নি।

হতদরিদ্র পরিবারের এই তিন যুবকের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। উজান তাহিরপুর গ্রামে খোকনের বাড়ি। মাসুক ও রুস্তমের বাড়ি উজান জামালগড় গ্রামে। সংসারের বোঝা তাদের কাঁধে। তারা কাজ করলে পরিবারের সবার মুখে অন্ন জোটে, না হলে উপোস থাকতে হয়।

গতকাল বুধবার বিকেলে উজান জামালগড় গ্রামে গিয়ে দেখা যায়, লোকজন হাওর থেকে কেটে আনা আধা পাকা ধান গ্রামের পাশের খোলা জায়গায় শুকাচ্ছে। কেউ সেই ধান মাথায় করে নিয়ে যাচ্ছে বাড়িতে। মাসুকও মাথায় ধানের বস্তা নিয়ে যাচ্ছিল।

মাসুকের মা ফাতেমা বেগম বলেন, স্বামী ইজ্জত আলী মারা গেছেন ১৫ বছর আগে। এখন মাসুকের আয়েই সংসার চলে।

হতাশার সুরে ফাতেমা বলেন, ‘ফুতে (মাসুক) দিন-রাইত কষ্ট কইরা আওরে ধান লাগাইছিল। যখন শুনছে বান (বাঁধ) ভাঙছে, তখন তারে আর আটকাইয়া রাখতাম পারছি না। না খাইয়া দৌড় দিছে আওরে। বিকালে আইয়া খালি কান্দে। জিগাই, কিতা অইছে? হে কয়, আম্মাগো আমার পরীক্ষা তো গেছেগি।’

মাসুক বলে, তাদের কোনো জমি নেই। অন্যের তিন একর জমিতে এবার বোরো ধান লাগিয়েছিল। ঋণ নিয়ে আবাদ করেছিল। এখন খাওয়ার চেয়ে ঋণ নিয়েই বেশি চিন্তা মা-ছেলের।

মাসুক বলে, ‘কত কষ্ট কইরা খেতে ধান লাগাইছিলাম। যখন শুনছি বাঁধ ভাঙছে, তখন পরীক্ষার কথা ভুলি গেছিলাম। সারা দিন হাওরে আছিলাম। বিকালে বাড়িত আইয়া মনে অইছে, পরীক্ষা ত দিলাম না। অখন ধানও গেল, পরীক্ষাও গেল।’

রুস্তম বলে, ‘আমরা গরিব মানুষ। আগে তো পেট, তারপর লেখাপড়া। সামান্য কিছু জমিতে ধান লাগাইছিলাম। সেই ধান কাটতে হাওরে গিয়া পরীক্ষা দিতাম পারছি না। অখন কিতা অইব।’ রুস্তমদের ঋণ আছে ১৬ হাজার টাকা।

উজান তাহিরপুর গ্রামের খোকন মিয়ারা যেখানে থাকে, সেটি টিনের বেড়া ও চালা দেওয়া এক কক্ষের একটি ছোট্ট ঘর। বাবা আইউব আলী দৃষ্টিপ্রতিবন্ধী। ছয় সদস্যের সংসারের বোঝা খোকন মিয়ার কাঁধে।

কথা বলতে গিয়ে খোকন চোখ মুছতে থাকে বারবার। সে জানায়, ঋণ নিয়ে শনির হাওরে কিছু জমিতে ধান লাগিয়েছিল। এখন দিন কীভাবে যাবে, এই চিন্তায় ঘুম আসে না। খোকন বলে, ‘নাইনও পড়ার সময় থাকি কাম করি। সুনামগঞ্জ শহর, সিলেট, কোম্পানীগঞ্জে গিয়া আমি, মাসুক আর রুস্তম কাম করছি। বাঁচতে অইলে তো কাম খরতই অইব। ধান পাইলে এই কষ্ট কিছুটা কম অইত।’

এলাকার জয়নাল আবেদীন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আলী মরতুজা বলেন, এই তিনজনই হতদরিদ্র। এরা নিজেরা কাজ করে সংসার ও লেখাপড়া চালায়। কলেজে বিনা বেতনে পড়ানোসহ পরীক্ষার ফরম পূরণের টাকাও দিয়েছেন তাঁরা। আলী মরজুতা বলেন, ‘এরা তো আমারই ছাত্র। এদের জন্য বড় কষ্ট হয়, কলেজের সবারই খারাপ লাগছে। ছেলেগুলো কত অসহায়। কে দাঁড়াবে তাঁদের পাশে?’

সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে বলেন, ‘এবার হাওরে ফসলহারা কৃষকদের সন্তানদের শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। মাধ্যমিক ও প্রাথমিকে সমস্যা হবে বেশি। কারণ গরিব অভিভাবকেরা অভাবের তাড়নায় সন্তানদের অন্য কাজে দিয়ে দেবেন। অনেকেই তখন ঝরে পড়বে। এই ঝরে পড়া রোধ করতে হবে।’