পরীক্ষা দেওয়া হলো না তানজিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক এইচএসসি পরীক্ষার্থী ও তাঁর বাবা আহত হয়েছেন। গত বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়ারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন থাকায় তিনি গতকাল রোববার অনুষ্ঠিত অর্থনীতির প্রথম পত্র পরীক্ষা দিতে পারেননি।আহত ব্যক্তিরা হচ্ছেন এইচএসসি পরীক্ষার্থী তানজিব রাহাত (১৮) ও তাঁর বাবা নাজিম উদ্দিন প্রধান (৫৫)। তাঁদের দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি পাটগ্রামের বুড়িরবাড়ী গ্রামে। তানজিব পাটগ্রাম উপজেলার সরকারি জসীম উদ্দীন গনি ডিগ্রি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন।গতকাল রোববার হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন তানজিব অভিযোগ করে বলেন, ‘ওই দিন ভোরে উঠে আমি অর্থনীতি পরীক্ষার জন্য শেষ প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় হঠাৎ হইচই শুনে বাইরে এসে দেখি একদল দুর্বৃত্ত বাবাকে মারধর করছে। বাবাকে বাঁচাতে গেলে ওরা আমার ওপর হামলা চালায়।’ তানজিবের বড় ভাই আল আমিন অভিযোগ করেন, প্রতিবেশী আখেরুজ্জামানের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আখেরুজ্জামান ও তাঁর পরিবারের লোকজন বিনা কারণে প্রতিদিনই ঝগড়া করত। গত বৃহস্পতিবার ভোরের দিকে তারা লাঠিসোঁটা নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালালে তাঁর বাবা ও ভাই আহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই তাঁরা আখেরুজ্জামানসহ নয়জনকে আসামি করে পাটগ্রাম থানায় মামলা করেছেন। হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান আবু তালেব বলেন, তাঁদের চিকিৎসা চলছে। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক। পলাতক থাকায় প্রতিবেশী আখেরুজ্জামান ও তাঁর পরিবারের অপর সদস্যদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।