পরীক্ষা দেওয়া হলো না শাহিনুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার সঙ্গে শেষ পরীক্ষা দেওয়ার জন্য বের হয়েছিল এক জেএসসি পরীক্ষার্থী। কিন্তু সে আর পরীক্ষা দিতে পারেনি। পরীক্ষাকেন্দ্রে পৌঁছার আগেই বাসের চাপায় সে নিহত হয়। কুড়িগ্রাম সদর উপজেলার চণ্ডীপুর এলাকায় গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।নিহত ছাত্রের নাম শাহিনুর (১৪)। সে এবার কোমরপুর উচ্চবিদ্যালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিয়েছিল। এই দুর্ঘটনায় শাহিনুরের বাবা আবদুস সালাম (৩৫) গুরুতর আহত হন। তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি সদর উপজেলার উত্তর কোমরপুর আবিরেরভিটা গ্রামে। হাসপাতালে গিয়ে দেখা যায়, চোখের সামনে ছেলের মৃত্যু দেখে ভেঙে পড়েছেন আবদুস সালাম। তিনি বলতে থাকেন, ‘আমার বাবার শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না।’ শাহিনুরের লাশ আবিরেরভিটা গ্রামে নিয়ে যাওয়ার পর তাঁর মা আহাজারি করতে থাকেন। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল সোমবার ছিল জেএসসি পরীক্ষার শেষ দিন। আবদুস সালাম কাঠমিস্ত্রির কাজ করেন। এলাকায় কাজ না থাকায় দীর্ঘদিন ধরে তিনি নরসিংদীতে কাঠমিস্ত্রির কাজ করছেন। ঈদের সময় শাহিনুর তাঁকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আবদার করে। তাই গতকাল সকালে বাইসাইকেলযোগে তাঁরা পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হন। পথে চণ্ডীপুর এলাকায় আসার পর ঢাকাগামী একটি বাস পেছন দিক থেকে বাইসাইকেল ধাক্কা দিলে তাঁরা সড়কে পড়ে যান। এ সময় বাসটির সামনের চাকা শাহিনুরের কোমরের ওপর দিয়ে চলে যায়। কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করার পর শাহিনুর মারা যায়। বাসটি আটক করা যায়নি।