পরীক্ষা না করেই গরু জবাইয়ের সনদ!
স্বাস্থ্য পরীক্ষা নয়, শুধু গরুর গায়ের রং শুনে রাজশাহীর বিভিন্ন উপজেলায় ঈদের আগে টাকার বিনিময়ে স্থানীয় প্রাণিসম্পদ দপ্তর থেকে জবাইয়ের সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা এ ধরনের অভিযোগ অস্বীকার করলেও তাঁরা স্বাক্ষর করা সনদ দপ্তরের কর্মচারীদের দেওয়ার কথা স্বীকার করেছেন।বাঘা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, ঈদের আগে বাঘায় প্রায় ১০০ গরু জবাইয়ের জন্য ব্যবসায়ীদের সনদ দেওয়া হয়েছে। প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিনা মূল্যে এসব গরুর স্বাস্থ্য পরীক্ষা করে সনদ দেওয়া হয়েছে। এ জন্য কারও কাছ থেকে কোনো ‘খরচ’ নেওয়া হয়নি। পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, তারা ১৬২টি গরুর স্বাস্থ্য পরীক্ষা করে সনদ দিয়েছে। তারাও বিনা মূল্যে এসব সনদ দেওয়ার কথা বলছে। তবে মাঠ পর্যায়ে গরুর মালিকেরা বলছেন ভিন্ন কথা। তাঁদের অভিযোগ, স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই টাকার বিনিময়ে সনদ দেওয়া হয়েছে। তাঁরা শুধু গরুর গায়ের রং জেনে প্রত্যয়নপত্র দিয়েছেন।বাঘার পীরগাছা গ্রামের কলেজশিক্ষক মো. আজের আলী বলেন, পীরগাছা বাজারের স্বাস্থ্য পরীক্ষার জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে চিকিৎসক এসেছেন শুনে তিনি বাজারে যান। তিনি বলেন, দীর্ঘক্ষণ অপেক্ষা করে চিকিৎসকের দেখা না পেয়ে তাঁর প্রতিবেশী আবদুল খালেক তাঁর গরুটি নিয়ে বাড়িতে ফিরে যান। তার কিছুক্ষণ পর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে লোক আসেন। খবর পেয়ে আবদুল খালেক তাঁদের বাড়িতে গরু দেখাতে নিয়ে যেতে চাইলে তাঁরা শুধু গরুর রং জানতে চান এবং সনদ দিয়ে দেন। এ জন্য তাঁরা আবদুল খালেকের কাছ থেকে ২০০ টাকা ফি নেন।বাঘা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল করিম বলেন, তাঁরা প্রথমে গরুর গায়ে জ্বর আছে কি না দেখছেন। জ্বর না থাকলে এবং গরু ঠিকমতো খাওয়া-দাওয়া করলে কোনো পরীক্ষা ছাড়াই সনদ দিচ্ছেন। আর কোনো গরুর গায়ে জ্বর থাকলে তাঁরা গরুর রক্ত ও অন্যান্য পরীক্ষা না করে সনদ দিচ্ছেন না। তিনি টাকা নিয়ে সনদ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি বলেন, তাঁর লোকবল কম। তাঁর কার্যালয়ের ভেটেরিনারি সার্জনও নেই। তিনি একা সব জায়গায় যেতে পারছেন না। এ জন্য তিনি দপ্তরের একজন কর্মীতে স্বাক্ষর করা সাতটি সনদ দেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষা না করে এগুলো দেওয়ার কথা নয়। টাকা নেওয়ার তো প্রশ্নই ওঠে না। তবে যে কর্মীকে সাতটি সনদ দিয়েছিলেন, তিনি টাকা নিয়েছেন কি না—তা তিনি জানাতে পারেননি।পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারের সেলুন ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, তাঁর বাড়িতে কয়েকটি গরু রয়েছে। প্রাণিসম্পদ বিভাগের লোক এসেছেন খবর পেয়ে তিনি বাড়িতে ছুটে যান। কিন্তু প্রাণিসম্পদ বিভাগের লোকেরা এসে শুধু গরুর গায়ের রং জিজ্ঞেস করেই সনদ দিয়ে দিচ্ছেন। এ জন্য তাঁরা টাকাও নিচ্ছেন।ধোপাপাড়া গ্রামের ব্যবসায়ী উজ্জ্বল বলেন, তাঁর পাঁচটি ছাগলের জন্য ৫০ টাকা দিয়ে সনদ সংগ্রহ করেছেন। কিন্তু তাঁর ছাগলগুলোর কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। তিনি বলেন, প্রকাশ্যেই গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে সনদ দেওয়া হচ্ছে।পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, তাঁর ১৪ জন স্টাফ উপজেলার সাতটি স্থানে গরুর স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তাঁদের টাকা নেওয়ার কথা নয়। তিনি বলেন, ‘আমার জানামতে কোথাও এ রকম হয়নি।’ তিনি বলেন, এমন একটা অবস্থা চলছে যে তিনি তাঁর কর্মচারীদের সতর্ক করে দিয়েছেন, এ সময় চাকরি বাঁচানোই বড় কথা। এভাবে দায়িত্ব পালন করতে হবে। টাকা-পয়সা নেওয়ার প্রশ্নই ওঠে না। তবে তিনি একা সব জায়গায় যেতে পারেননি বলে জানান।