পরীক্ষা না দিয়েও জিপিএ-৫: ফল সংশোধন, তদন্ত কমিটি
পরীক্ষা না দিয়েও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় লালমনিরহাটের এক ছাত্রের জিপিএ-৫ পাওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে ওই ‘ভুল’ সংশোধন করে ছাত্রটিকে ফেল দেখানো হয়েছে। পাশাপাশি একই বিদ্যালয়ের যে ছাত্রীকে ফেল দেখানো হয়েছিল তাঁকে পাস দেখানো হয়েছে ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর আজ বুধবার প্রথম আলোকে বলেন, ভুলে এমনটি হয়েছে। জানার সঙ্গে সঙ্গে ভুল সংশোধন করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য অধিদপ্তরের উপপরিচালক নবী হোসেন তালুকদারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে শিগগিরই প্রতিবেদন দিতে বলা হয়েছে ।
গতকাল মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মো. সাজ্জাদ ইসলাম সাকিব পরীক্ষা না দিয়েও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে যায়। আর একই বিদ্যালয়ের অপর এক ছাত্রী মিম মানতাসা পরীক্ষা দিলেও সে অনুপস্থিত ছিল বলে তাকে ফেল দেখানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, ঘটনাটি জানামাত্রই হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য জরুরি চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া কেন ওই কর্মকর্তার বিরুদ্ধে কর্তব্যে অবহেলার জন্য বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে না, তা–ও জানাতে বলা হয়েছে। চিঠি পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ওই পত্রে জাতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল তৈরিতে যাচাইবাছাই না করে এরূপ অনাকাঙ্ক্ষিত ফলাফল তৈরি করে সরকারি কাজে জটিলতা তথা জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে ।