পরীক্ষা না দিয়ে পিইসি পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশ না নিয়ে এক ছাত্রী জিপিএ ৪ দশমিক ৬৭ পেয়ে পাস করেছে। তবে পরীক্ষায় অংশ নেওয়া এক ছাত্রকে অনুপস্থিত দেখানো হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। ভুল সংশোধন করা হচ্ছে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭-এর ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষার ফলাফলের ওয়েবসাইটে দেখা যায়, উপজেলার ৫৭ নম্বর আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মনি আক্তার জিপিএ ৪ দশমিক ৬৭ পেয়ে পাস করেছে। তবে মনি আক্তার পিইসি পরীক্ষায় অনুপস্থিত ছিল।

অন্যদিকে, ৫০ নম্বর আংগুলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়াল জমাদ্দার নামের এক ছাত্র পরীক্ষায় অংশ নিলেও তাকে অনুপস্থিত দেখানো হয়েছে।

আংগুলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা বেগম ও আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।