পরীক্ষা না দিয়েই ফিরে গেল ২৬ হাজার শিক্ষার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক পরীক্ষা বলে কথা। তাই প্রস্তুতি নিয়ে গতকাল সকাল সকাল বিদ্যালয়ে এসেছিল তারা। কিন্তু শিক্ষকেরা জানালেন, পরীক্ষা হচ্ছে না। কারণ, পরীক্ষার প্রশ্নপত্র আসেনি। খবর শুনে কেউ কেউ বিদ্যালয়ের মাঠে খেলার আনন্দে মেতেছে। কারও কারও আবার মনও খারাপ হয়েছে। কারণ, বার্ষিক পরীক্ষার পর কত কিছু করার পরিকল্পনা রয়েছে তাদের! বেড়াবে, খেলবে—আরও কত কী!আনোয়ারা থানার কয়েকটি বিদ্যালয় ঘুরে গতকাল এই চিত্র দেখা গেছে। পুরো উপজেলায় ১১০টি প্রাথমিক বিদ্যালয়ের একই অবস্থা। এসব বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অন্তত ২৬ হাজার শিক্ষার্থী পরীক্ষা না দিয়েই ফিরে গেছে। সময়মতো প্রশ্নপত্র না পাওয়ায় প্রথম দিনের বাংলা পরীক্ষা হয়নি বলে জানা গেছে। সূচি অনুযায়ী আজ দ্বিতীয় দিন থেকে অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। তবে জেলার অন্যান্য বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকালের বাংলা পরীক্ষাটি হবে শেষদিন ১৪ ডিসেম্বর।বিষয়টি স্বীকার করে আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইস্কান্দর নূরী প্রথম আলোকে টেলিফোনে বলেন, ‘বিদ্যুৎসহ নানা কারণে ছাপাখানা থেকে প্রশ্নপত্র সময়মতো না পাওয়ায় আজকের পরীক্ষাটি নেওয়া সম্ভব হয়নি। এই পরীক্ষাটি শেষদিন অর্থাৎ ১৪ তারিখ (ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।’ পুরো উপজেলায় ১১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বলে তিনি জানান।গতকাল সরেজমিনে আনোয়ারা পূর্ব বৈরাগ প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের কেউ কেউ মাঠে খেলছে; কেউ কেউ বারান্দায় দাঁড়িয়ে গল্পগুজব করছে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আইয়ুব আলী জানায়, ‘প্রশ্ন নাকি আসেনি। তাই পরীক্ষা হবে না বলে জানিয়ে দিয়েছে। এখন একটু খেলছি।’একই বিদ্যালয়ের আরিফুল ইসলাম জানায়, ‘পরীক্ষা এখন আরও একদিন বেড়ে গেল। তাই বাড়ি চলে যাচ্ছি। গিয়ে পড়তে হবে। পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়ে গেলেই ভালো হতো।’গতকাল সোমবার থেকে আনোয়ারা ছাড়া চট্টগ্রামের সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। প্রতি থানায় পৃথক প্রশ্নপত্র হওয়ায় এক থানায় পরীক্ষা না হলেও অন্যদের সমস্যায় পড়তে হয়নি। শিক্ষকেরা জানান, গত রোববার পরীক্ষার প্রশ্নপত্র আনার জন্য থানা শিক্ষা অফিসে গিয়ে প্রধান শিক্ষক খালি হাতে ফিরে আসেন। ততক্ষণে বিদ্যালয় ছুটি হয়ে গেছে। তাই বেশির ভাগ শিক্ষার্থী পরীক্ষা হবে না, তা জানতে পারেনি।এ প্রসঙ্গে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘রোববার বিকেল সাড়ে চারটায় আমাদের জানানো হয়, প্রশ্ন আসেনি। তাই পরীক্ষা হবে না। এখন সকালে বাচ্চারা চলে আসে। পরে অভিভাবকদের জবাব দিতে দিতে আমরা হিমশিম খাচ্ছি। শিক্ষা অফিসের এ নিয়ে আরও যত্নবান হওয়া দরকার ছিল।’ আনোয়ারায় চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ২৬ হাজারের বেশি বলে তিনি জানান।পরীক্ষা না দিয়ে বাড়ি ফেরার পর অনেক উৎকণ্ঠিত অভিভাবক বিদ্যালয়ে এসে ভিড় করেন। তাঁদের ধারণা, ছেলেমেয়ে মিথ্যা কথা বলছে। চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যায়, শিক্ষার্থীদের কেউ বারান্দায় দৌড়াদৌড়ি করছে, কেউ বা শ্রেণীকক্ষে বসে আছে। চুতর্থ শ্রেণীর ছাত্রী হুমায়রা জানায়, ‘পরীক্ষা হবে না। এখন বুঝতে পারছি না এটা ভালো হলো, নাকি খারাপ হলো।’একই বিদ্যালয়ের শিক্ষিকা কাউছার পারভীন বলেন, ‘শিক্ষার্থীদের অনেকে চলে গেছে। আমরা তাদের আগামীকাল কী পরীক্ষা হবে, সেটা জানানোর জন্য রেখেছি। সূচি অনুযায়ী আগামীকাল (আজ) থেকে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।’