পরীক্ষা না দিয়েও জেএসসি পাস!
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ না নিয়েও এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাস করেছে স্বামীর বাড়িতে অবস্থানকারী সুর্বণা রানী শীল।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ভেলাগুড়ি ইউনিয়নের দক্ষিণ জাওরানী গ্রামের অন্নদা মোহন শীলের মেয়ে সুর্বণা রানী শীল। গত ১৯ এপ্রিল আদিতমারী উপজেলার দেওডোবা গ্রামের গোপাল চন্দ্র শীলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে সুর্বণা শ্বশুড়বাড়িতে অবস্থান করায় পড়াশোনার সমাপ্তি ঘটে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী দেখিয়ে উপবৃত্তির তালিকায় নাম অন্তর্ভুক্ত করে টাকা তুলেছে। এ ছাড়া নিয়মিত ছাত্রী হিসেবে তার নামে জেএসসি পরীক্ষার ফরম পূরণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে তার জায়গায় রুমী রানী শীল নামের আরেক ছাত্রীকে দিয়ে জেএসসি পরীক্ষা দেওয়ানো হয়।গত ২০ নভেম্বর হাতিবান্ধা শাহ গরীবুল্লাহ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৩১ নম্বর কক্ষে রোল নম্বর ৪৭৮৩৫৩ ব্যবহার করে সুর্বণা রানী শীল পরিচয়ে রুমী রানী শীলের পরীক্ষা দেওয়ার সময় ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়ে। কিন্তু রুমী রানী শীলের বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা হাতিবান্ধা উপজেলা ভূমি কর্তকর্তা শওকত হোসেন বলেন, পরীক্ষাকেন্দ্রে অভিযোগ সত্য প্রমাণিত হলেও বিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।এ ব্যাপারে রুমী রানী শীল বলে, ‘আমি অষ্টম শ্রেণীতে পড়াশুনা করেও হেড স্যারের কথামতো সুর্বণা রানী শীলের নামে পরীক্ষা দিতে বাধ্য হয়েছি। অষ্টম শ্রেণীতে আমার রোল নম্বর ছিল ৪৭ এবং সুর্বণার রোল নম্বর ছিল ৩১। সুর্বণার বিয়ে হয়েছে, সে স্কুলে আসে না। হেডস্যার বলেছিলেন, সবকিছু ঠিকঠাক করে দেবেন; কিন্তু তিনি কিছুই করেননি।’ভেলাগুড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, ভুলক্রমে সুর্বণা রানী শীলের নামে জেএসসি পরীক্ষায় ফরম পূরণ হওয়ায় রুমী রানী শীলকে সুর্বণার নামেই পরীক্ষা দিতে বলা হয়েছে। পরে নাম সংশোধন করে নেওয়া হবে।তবে সুর্বণা রানী শীলের নামে উপবৃত্তির টাকা তোলা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা ভবোশঙ্কর বর্মা বলেন, ‘আগামী ১০ জানুয়ারির পর সব ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন মহলে সুপারিশ করব।’