পরীক্ষা-নিরীক্ষার পরই বাজারে গুঁড়ো দুধ
পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশের বাজারে গুঁড়ো দুধ প্রবেশের অনুমতি দিতে নির্দেশ দিয়েছে সরকার। আজ বাণিজ্যসচিব মাহবুব আহমেদ এ কথা জানিয়েছেন।
মাহবুব আহমেদ বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে পরীক্ষা-নিরীক্ষা করে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশের আণবিক শক্তি কমিশন ও বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদকে পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত নিউজিল্যান্ডের ফনটেরার গুঁড়ো দুধ ও দুগ্ধজাত খাবারে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকার এ বিষয়ে খোঁজখবর রাখছে।
এ মাসের শুরুতে ফনটেরার দুধে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকতে পারে, এ আশঙ্কায় নিউজিল্যান্ড থেকে গুঁড়ো দুধ আমদানি বন্ধ করে দেয় চীন। ধারণা করা হচ্ছে, দুগ্ধজাত পণ্য উত্পাদনের কাজে ব্যবহূত একটি পাইপের ময়লা থেকে গুঁড়ো দুধে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে থাকতে পারে। নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টিম গ্রসার চীনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘আমরা যতক্ষণ পর্যন্ত না আবার আস্থা অর্জন করতে পারব এবং তাদের প্রয়োজনমতো পরামর্শ দেওয়ার অবস্থায় যাব, ততক্ষণ পর্যন্ত সুরক্ষার ব্যবস্থা নেওয়া ভালো।’ তবে গতকালই নিউজিল্যান্ড সরকার ঘোষণা দিয়েছে, ফনটেরার উত্পাদিত পণ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া নেই।
নিউজিল্যান্ডের অন্যতম প্রধান রপ্তানিপণ্য দুধ। দুধ ও দুধের তৈরি পণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফনটেরার অবস্থান বিশ্বে চতুর্থ।