পরীক্ষা নিয়ন্ত্রক পদে জ্যেষ্ঠদের ডিঙিয়ে কনিষ্ঠ শিক্ষককে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে জ্যেষ্ঠ শিক্ষকদের বাদ দিয়ে কনিষ্ঠ এক শিক্ষককে নিয়োগ করা হয়েছে। সদ্য নিয়োগ পাওয়া ওই পরীক্ষা নিয়ন্ত্রক হলেন বিসিএস (সাধারণ শিক্ষা) ১৪তম ব্যাচের কায়সার আহমেদ। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মালেকা খায়রুন্নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের আদেশ জারি করা হয়। কায়সার আহমেদ এর আগে কুমিল্লা বোর্ডের কলেজ উপপরিদর্শক ছিলেন। গতকাল মঙ্গলবার তিনি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব নেন।এদিকে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে সপ্তম ব্যাচে নিয়োগ পাওয়া তিনজন উপপরীক্ষা নিয়ন্ত্রক থাকা সত্ত্বেও তাঁদের ডিঙিয়ে ১৪তম ব্যাচের শিক্ষককে নিয়োগ দেওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী বলেন, জ্যেষ্ঠ শিক্ষকদের ডিঙিয়ে কনিষ্ঠদের এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া আইনের লঙ্ঘন না হলেও এতে জ্যেষ্ঠদের প্রতি অবিচার করা হয়। একই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সপ্তম ব্যাচের শিক্ষক মো. আবু তাহের বলেন, ‘জুনিয়র একজন শিক্ষককে ওই পদে বসানো ঠিক হয়নি। এতে জ্যেষ্ঠ শিক্ষকেরা অসম্মান বোধ করছেন।’কুমিল্লা শিক্ষা বোর্ডের সদ্যবিদায়ী সাবেক একজন উপপরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘২০০৬ ও ২০০৮ সালে সহযোগী অধ্যাপক হয়েও পরীক্ষা নিয়ন্ত্রক পদে বসতে পারেননি সপ্তম ব্যাচের শিক্ষকেরা। অথচ ১৪তম ব্যাচের একজনকে ওই পদে বসানো হয়েছে। যেহেতু মন্ত্রণালয়ের আদেশ, তাই কোনো মন্তব্য করতে চাই না।’জানা গেছে, বর্তমানে কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মরত তিনজন উপপরীক্ষা নিয়ন্ত্রক জামাল এ নাসের, মো. সিহাব উদ্দিন আহমদ ও নিখিল চন্দ্র রায় সপ্তম ব্যাচের শিক্ষক। তাঁরা দীর্ঘদিন থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের শাখায় কাজ করে আসছেন। এখন তাঁদের ১৪তম ব্যাচের নিয়োগ পাওয়া পরীক্ষা নিয়ন্ত্রকের অধীনে কাজ করতে হবে।বোর্ডের একাধিক কর্মকর্তা ও কর্মচারী প্রথম আলোকে বলেন, ‘কায়সার আহমেদ গত বছর সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। পরীক্ষা নিয়ন্ত্রকের পদে অধ্যাপক ও জ্যেষ্ঠ সহযোগী অধ্যাপককে নিয়োগ দেওয়ার রেওয়াজ থাকলেও তাঁর ক্ষেত্রে সে রেওয়াজ মানা হয়নি।এ ব্যাপারে কায়সার আহমেদের মুঠোফোনে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। বাংলাদেশ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কুমিল্লা শাখার সভাপতি ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুন্ডু গোপীদাস বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে তাঁকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর বেশি কিছু আমি বলতে পারব না।’