পরীক্ষা নিয়ে বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের অবরোধ কর্মসূচির কারণে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। আজ বুধবার অনুষ্ঠেয় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা পেছানো হয়েছে। এই পরীক্ষা হবে আগামী শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলমান বার্ষিক পরীক্ষা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। গতকাল রাজধানীর কোনো কোনো স্কুল অবরোধের মধ্যেও পরীক্ষা নিয়েছে। অনেক স্কুল পরীক্ষা নেয়নি। সোমবার রাতে হঠাৎ অবরোধ কর্মসূচি ঘোষণা করায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। ফলে অভিভাবক ও শিক্ষার্থীরা কাল সকালে স্কুলে গিয়ে জানতে পারেন, পরীক্ষা হবে অথবা হবে না।
একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, হরতাল ও অবরোধ কর্মসূচির মধ্যে পার্থক্য তাঁরা বুঝতে পারেননি। তাঁদের ধারণা, হরতালে শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ থাকে, গাড়ি চলে না। কিন্তু অবরোধের ক্ষেত্রে সে রকম হওয়ার কথা নয়। রাজধানীর ভেতরে কোন কোন সড়ক অবরোধ করা হবে, সে রকম কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
এখন পরীক্ষার মৌসুম। পঞ্চম শ্রেণীর স্তরের শিক্ষার্থীরা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে। আবার সারা দেশে অধিকাংশ স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের শিশুদের হিংসাত্মক কোনো কর্মসূচির মুখে ফেলে দিতে পারি না। এ জন্য পরীক্ষা পেছানো হয়েছে।’
বার্ষিক পরীক্ষা: অবরোধ কর্মসূচি সত্ত্বেও কাল রাজধানীর কোনো কোনো প্রতিষ্ঠান পরীক্ষা নেয়। রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পরীক্ষা হয়েছে। এ জন্য অনেক অভিভাবক তাঁদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বলেছেন, সামনে আরও কঠিন কর্মসূচি আসার আশঙ্কা আছে। তাই পরীক্ষা হয়ে যাওয়াই ভালো।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, তাঁদের স্কুলে পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণী বাদে বাকি শ্রেণীর বার্ষিক পরীক্ষা চলছে। কালও পরীক্ষা হওয়ার কথা ছিল। এ জন্য অনেকে স্কুলে আসে, অনেকে আসতে পারেনি। সার্বিক বিষয় চিন্তা করে কাল পরীক্ষা নেওয়া হয়নি। স্থগিত এই পরীক্ষা হবে শুক্রবার।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বলেন, তাঁদের স্কুলেও কাল পরীক্ষা নেওয়া হয়নি। দ্বাদশ শ্রেণীর এই নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে শুক্রবার।
ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলেও কাল পরীক্ষা হয়নি। তবে গতকাল পর্যন্ত পরীক্ষার তারিখ ঠিক হয়নি।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির বলেন, পরীক্ষা হবে কি হবে না, তা আগেই জানিয়ে দেওয়া উচিত।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন গত সোমবার রাতে প্রথম আলোকে বলেন, বার্ষিক পরীক্ষা হয় বিদ্যালয়ভিত্তিক। তাই কোনো কারণে কোনো দিন পরীক্ষা না নিতে পারলে বিদ্যালয়গুলো পরে সুবিধামতো সময়ে নিতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়: অবরোধের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় আজকের সব পরীক্ষা স্থগিত করে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষা হবে শুক্রবার সকাল সাড়ে আটটায়। একই দিন বেলা দুইটায় হবে বিবিএ দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার ও ইসিই চতুর্থ বর্ষের অষ্টম সেমিস্টার পরীক্ষা। এমবিএ প্রথম সেমিস্টারের পরীক্ষা ১০ ডিসেম্বর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nubd.info জানা যাবে।