রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাষা বিভাগে ক্লাস ও পরীক্ষা গ্রহণের দাবিতে বিক্ষোভ করেছেন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের তৃতীয় তলায় ভাষা বিভাগের সভাপতির কক্ষের সামনে এ ঘটনা ঘটেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, দেশের চলমান অবরোধ-হরতালে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে পরীক্ষা শুরু হলেও ভাষা বিভাগে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না।
বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ক্লাস ও পরীক্ষা নেওয়ার দাবিতে ভাষা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বিভাগীয় সভাপতি বিথীকা বণিকের অফিসকক্ষের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা সভাপতির কক্ষের মূল ফটক আটকে রেখে বিক্ষোভ করেন। প্রায় আধা ঘণ্টা সভাপতিকে তাঁর অফিসকক্ষে অবরুদ্ধ করে রাখা হয়।
বিভাগের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের সংস্কৃত প্রথম বর্ষের পরীক্ষা গত ডিসেম্বর মাসে শুরু হলেও এখন পর্যন্ত শেষ হয়নি। দ্বিতীয় বর্ষের ১৭ জানুয়ারি, তৃতীয় বর্ষের ১৭ ফেব্রুয়ারি এবং চতুর্থ বর্ষের পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও এখনো পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়নি। এ ছাড়াও ফার্সি তৃতীয় বর্ষের পরীক্ষা ১৭ জানুয়ারি এবং চতুর্থ বর্ষের ১৫ ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও এখনো পরীক্ষার কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। একই অবস্থা উর্দুর সব বর্ষের।
বিভাগ সূত্রে জানা যায়, গত শনি ও রোববার দুদিন বিভাগের একাডেমিক কমিটির সভায় পরীক্ষার বিষয়টি উপস্থাপন করলে সেখানে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়। এ কারণে পরীক্ষা কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।
জানতে চাইলে ভাষা বিভাগের সভাপতি বিথীকা বণিক বলেন, ‘পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষার্থীদের দরখাস্ত দেওয়ার কথা বলেছি। ২৩ মার্চ বিভাগের সভায় পরীক্ষার বিষয়টি আলোচনা করা হবে।’