পরীক্ষা পেছাতে ফটকে অবস্থান বুয়েট শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা পেছানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। দাবি আদায়ে আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন প্রবেশপথ বন্ধ করে দেন তাঁরা। বিকেল সাড়ে চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে ৫০-৬০ জনের মতো শিক্ষার্থী অবস্থান করছিলেন।

এদিকে আজ সকাল নয়টায় ১১তম ব্যাচের ও বেলা দুইটায় নবম ব্যাচের পরীক্ষা ছিল। কিন্তু কোনো শিক্ষার্থীই পরীক্ষায় অংশ নেননি।গত শনিবার দশম ব্যাচের পরীক্ষা ছিল। ওই পরীক্ষায়ও অংশ নেননি শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতির জন্য তাঁরা পর্যাপ্ত সময় পাননি। তাই তাঁরা অন্তত দুই সপ্তাহের জন্য পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ এতে রাজি হয়নি।

ক্যাম্পাস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভোর ছয়টার দিকে পলাশী, ঢাকা মেডিকেল কলেজ মোড়সহ বুয়েট ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথ প্রতিবন্ধক দিয়ে বন্ধ করে দেন। সকাল নয়টার দিকে ক্যাম্পাসে পুলিশ আসে। আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথের প্রতিবন্ধকগুলো সরিয়ে নেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন প্রবেশপথে এসে জড়ো হন। একপর্যায়ে সেখানে থাকা ফটকটি বন্ধ করে দেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দেলোয়ার হোসেন প্রথম আলোকে জানান, পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকে আন্দোলন করছেন। আজকের নির্ধারিত পরীক্ষায় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অংশ নেননি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষায় অংশ না নেওয়া শিক্ষার্থীদের অনুপস্থিত দেখানো হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষায় অনুপস্থিত দেখানো হলে আরও বড় আন্দোলন শুরু করবেন তাঁরা।