পরীক্ষা পেছাতে বোমার গুজব তরুণী গ্রেপ্তার
পরীক্ষা পেছাতে বোমা পেতে রাখার গুজব ছড়িয়েছিল এক তরুণী। সেই গুজবে কান দিয়ে টানা পাঁচ দিন বিভিন্ন স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে বোমার সন্ধান না পেলেও গুজব রটনাকারীর খোঁজ পায় তারা। গত শুক্রবার রাতে রাজধানীর কাফরুলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ সুলাইমান প্রথম আলোকে বলেন, যার বিরুদ্ধে এ অভিযোগ সে নিছকই একজন কলেজছাত্রী। নাম রোমানা বিনতে সাইফ। রাজধানীর মোহাম্মদপুর প্রেসিডেন্সি কলেজ থেকে সে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। পুলিশের জোর দাবি, মেয়েটি কোনো সন্ত্রাসী চক্রের সদস্য নয়। শুধু পরীক্ষা পেছাতেই সে এ কৌশল বেছে নিয়েছিল। ডিবি সূত্র জানায়, গত সোমবার এক তরুণী কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফের মুঠোফোনে জানান, ঢাকা মহানগরের আসাদগেট-সংলগ্ন আড়ং, মোহাম্মদপুর, ধানমন্ডির আবাহনী মাঠ, পিলখানার রাইফেলস স্কয়ার ও বিজয় সরণিসংলগ্ন নভোথিয়েটারে টাইম বোমা পুঁতে রাখা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার পর পর্যায়ক্রমে এগুলো বিস্ফোরিত হবে। এ ঘটনায় তাঁর স্বামী জড়িত বলেও তিনি জানান। তরুণী আরও জানান, অনেক চেষ্টা করেও তিনি তাঁর স্বামীকে এই কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারেননি। তাই বাধ্য হয়ে সন্তানকে নিয়ে ঝিগাতলার মায়ের বাসায় চলে গেছেন। ডিবির কর্মকর্তা সুলাইমান জানান, টাইম বোমা পুঁতে রাখার খবর জানার পর ডিবি, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসব স্থানে তল্লাশি চালায়। কিন্তু কোনো সত্যতা না পেয়ে তারা ফোনের সেই তরুণীর খোঁজ করতে শুরু করে।গত শুক্রবার রাত নয়টার দিকে ৯৪ ডিসিসি কাফরুলের বাসা থেকে ওই কলেজছাত্রীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, গত বৃহস্পতিবার ছিল পদার্থবিজ্ঞানের পরীক্ষা। এ পরীক্ষায় তার ভালো প্রস্তুতি ছিল না। তার ধারণা ছিল, বোমা বিস্ফোরণের আতঙ্ক ছড়ালে দেশে চাঞ্চল্যের সৃষ্টি হবে। এতে পরীক্ষা পিছিয়ে যাবে। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদের পর বিষয়টি নিশ্চিত হয়ে ওই পরীক্ষার্থীকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।