পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন কলেজে অধ্যয়নরত ২০১১-১২ বর্ষের শিক্ষার্থীরা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন কলেজে অধ্যয়নরত ২০১১-১২ বর্ষের শিক্ষার্থীরা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন কলেজে অধ্যয়নরত ২০১১-১২ বর্ষের শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে পরীক্ষা দুই মাস পেছানোর দাবি জানানো হয়।

২০ জানুয়ারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে পরীক্ষার ফরম পূরণও সম্পন্ন হয়েছে প্রতিটি কলেজে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সিলেবাস শেষ হওয়ার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। কলেজশিক্ষকদের কর্মবিরতি, পূজা ও ঈদের ছুটিসহ সব মিলিয়ে মাত্র দুই থেকে তিন মাস ক্লাস করার সুযোগ পাওয়া গেছে। দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এপ্রিল-মে মাসে। এক বছর পূর্ণ হওয়ার আগেই তড়িঘড়ি করে যদি তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়া হয়, তাহলে অনেক শিক্ষার্থী অকৃতকার্য হবে।

শিক্ষার্থীরা তৃতীয় বর্ষের পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, তাঁরা ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে চান।

মানববন্ধনে চট্টগ্রাম কলেজের ইকবাল কায়সার ও রাসেল আমিন, সরকারি মহিলা কলেজের হৈমন্তী সরকার ও ফাতেমা আক্তার, সিটি কলেজের মো. তৌহিদ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বিভিন্ন কলেজের ২০১১-১২ সেশনের শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

বাংলা, ইংরেজি, মনোবিজ্ঞান, গণিত, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের স্নাতক তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয় ৩১ ডিসেম্বর।