পরীক্ষা পেছানো ও অধ্যক্ষের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিস্টার পরীক্ষা পেছানো এবং অধ্যক্ষের পদত্যাগের দাবিতে চিটাগং বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা গতকাল বুধবার প্রায় দিনভর বিক্ষোভ করেছেন। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম নগরের খুলশীতে বিজিএমইএ ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা ইনস্টিটিউটের অধ্যক্ষের বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ তুলে গতকাল আকস্মিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাঁরা অধ্যক্ষের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।
আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, অধ্যক্ষ অযোগ্য, তিনি পড়াতে পারেন না। তিনি বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে জড়িত। তাই তাঁর পদত্যাগের দাবিতে আমরা রাস্তায় নেমেছি।’
তবে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে অধ্যক্ষ আবদুল মোনায়েম প্রথম আলোকে বলেন, ‘আমি তো দীর্ঘদিন বিভিন্ন সরকারি কলেজে পাঠদান করেছি, অধ্যক্ষের দায়িত্ব পালন করেছি। এখন তো পাঠদান করি না। অযোগ্যতার প্রশ্ন আসবে কেন? শিক্ষার্থীরা আন্দোলন শুরু করার আগে আমার সঙ্গে কথা বলতে পারত। তাদের কী সমস্যা, সেটা আমি জানতে পারিনি। হঠাৎ করে তারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। আমার ধারণা, আগামী শনিবার থেকে বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা পেছানোর অছিলায় তারা রাস্তায় নামতে পারে।’
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীরা প্রথমে পরীক্ষা পেছানোর দাবি তোলে। পরে অধ্যক্ষের পদত্যাগের দাবি তোলে। এই অধ্যক্ষ চট্টগ্রামের বিভিন্ন নামীদামি সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। তাঁর পদত্যাগের দাবি তোলা দুঃখজনক। পরীক্ষা পেছানোর ব্যাপারে শিক্ষার্থীদের দাবি নিয়ে আমরা বসব।’
তিন বছর আগে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০০ জন।