পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ করেছেন বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। একপর্যায়ে সড়ক অবরোধ করলে পুলিশ লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তাঁরা কলেজের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই দিকে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানায়। এরপরও শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। পরে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। কিছুক্ষণ পর কলেজের অধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের একাধিক শিক্ষার্থী বলেন, স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের সিলেবাস শেষ না হওয়ার আগেই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। মাত্র ছয় মাসের মধ্যে পরীক্ষার সময়সূচি ঘোষণা করায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। এই মুহূর্তে পরীক্ষা দিলে কোনো শিক্ষার্থীর ফল ভালো হবে না। এই সময়সূচি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবর্তন না করে, তা হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।