পরীক্ষা বন্ধ করে বিদ্যালয়ে তালা
রাজশাহীর চারঘাটের কালুহাটি উচ্চবিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগে গতকাল শনিবার দ্বিতীয় সাময়িক পরীক্ষা বন্ধ করে দিয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার গোপনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা রাজশাহীতে এসে গোপনে একজন সহকারী শিক্ষক নিয়োগ দেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই দিন বিকেলেই এলাকাবাসী বিদ্যালয়ে একটি সভা ডাকে। কিন্তু সেখানে প্রধান শিক্ষক উপস্থিত হননি। তারা তখনই প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। গতকাল বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম দিন ছিল। সকাল থেকেই ক্ষুব্ধ এলাকাবাসী এসে বিদ্যালয় এলাকায় জড়ো হয়। তারা বিদ্যালয়ের শ্রেণীকক্ষেও তালা লাগিয়ে দেয় ও পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ফিরিয়ে দেয়। তাদের দাবি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউল আলম ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউসুফ আলীকে বিদ্যালয়ে আসতে হবে এবং এই অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। তারপর তারা পরীক্ষা চলতে দেবে।গতকাল শনিবার বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয় মাঠে হাজার খানেক মানুষ জড়ো হয়েছে। অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে দুপুর ১২টার দিকে তারা বিক্ষোভ মিছিল বের করে। প্রধান শিক্ষক ও সভাপতি বিদ্যালয়ে উপস্থিত হয়ে এলাকাবাসীর সব প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তারা বিদ্যালয় চালাতে দেবে না বলে জানায়।বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ হোসেন বলেন, একটি সহকারী শিক্ষক পদের জন্য নয়টি আবেদন পাওয়া গেছে। তার মধ্যে চারজনকে পরীক্ষার জন্য ডাকা হয়। এদের মধ্যে সেলিম রেজা ও আনোয়ার হোসেন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে কমিটি আনোয়ার হোসেনকে নিয়োগ দেয়।স্থানীয় আক্তার হোসেন বলেন, ‘আমরা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমি পাঁচ লাখ টাকা দিয়েছি। আমার ভাই শাহীনুর সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন করেছে। কিন্তু গোপনে পরীক্ষা নেওয়া হয়েছে। আমাদের কিছুই জানানো হয়নি।’ কামাল হোসেন নামের একজন অভিভাবক বলেন, শিক্ষক নিয়োগ নিয়ে এই বিদ্যালয়ের জটিলতা দীর্ঘদিনের। এ নিয়ে বিদ্যালয়ে ঠিকমতো পড়াশোনা হয় না। ছেলেমেয়েদের আলাদা করে প্রাইভেট পড়িয়ে পরীক্ষা দেওয়াতে হয়। এখন আবার পরীক্ষাই হচ্ছে না। কথা বলার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ওই এলাকায় পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে। সভাপতির মুঠোফোন খোলা থাকলেও প্রথমে তিনি ফোন ধরেননি। পরে বন্ধ করে দেন।উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের কাছে কেউ অভিযোগ করেননি। আমি তৃতীয় পক্ষের কাছ থেকে শুনেছি। নিয়োগ নিয়ে সেখানে রাজনৈতিক দুটি পক্ষ দুই দিকে অবস্থান নিয়েছে। সেখানে আমরা কী করব।’