পরীক্ষা বন্ধ রেখে ছাত্রীদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধ রেখে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারসহ বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে।মেয়ের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০টার দিকে প্রথম সাময়িক পরীক্ষা দেওয়ার জন্য তার সহপাঠীদের সঙ্গে স্কুলে যাচ্ছিল। তারা ইমাদারপাড়া ব্রিজের কাছে পৌঁছালে দেবোত্তর গরিলা গ্রামের আইজউদ্দিনের বখাটে ছেলে আশরাফুল (১৮) মেয়েটিকে টেনেহিঁচড়ে রাস্তার পাশের একটি বাড়িতে নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তার সহপাঠী ছাত্রীদের সহায়তায় এলাকাবাসী ওই বাড়িতে হানা দিলে আশরাফুল পালিয়ে যায়। মেয়ের বাবা বলেন, ‘আশরাফুল গ্রামের বখাটে ছেলে। সে স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় প্রেম নিবেদন ও বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়। এতে ক্ষিপ্ত হয়ে সে ওই ঘটনা ঘটায়। আমি সুষ্ঠু বিচার চাই।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম জানান, নির্ধারিত সময়ে পরীক্ষা না দিলেও দুপুরের পরে তাদের পরীক্ষা নেওয়া হয়েছে। তবে ঘটনার পর থেকে বিদ্যালয়ের অন্য ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ইউএনও এ এন এম মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গেলেও অভিযুক্তকে না পাওয়ায় অভিযোগটি নিয়মিত মামলা হবে।গুরুদাসপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মেয়েটি সংজ্ঞাহীন হয়ে পড়েছে। বাড়িতেই তার চিকিৎসা চলছে। চন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।