পরীক্ষা বন্ধ রেখে শিক্ষার্থীদের মিছিলে পাঠালেন অধ্যক্ষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গোলাহাটের অধ্যক্ষ গোলাহাটে রাখব, শিক্ষাঙ্গন নিয়ে রাজনীতি চলবে না, চলবে না’ ইত্যাদি স্লোগান দিয়ে সৈয়দপুর গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মিছিল বের করে। গতকাল রোববার সকালে মিছিলটি সৈয়দপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলে, ‘শহরের গোলাহাট মহল্লার কতিপয় ব্যক্তি অধ্যক্ষ আমিরুল ইসলামকে অপসারণ করতে উঠেপড়ে লেগেছে, যা সম্পূর্ণ অনৈতিক এবং ষড়যন্ত্রমূলক। আমরা আমাদের প্রিয় অধ্যক্ষকে গোলাহাট স্কুল অ্যান্ড কলেজেই দেখতে চাই।’ তবে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ওই দিন প্রথম সাময়িক পরীক্ষা চলছিল। কিন্তু পরীক্ষা বন্ধ রেখে অধ্যক্ষ শিক্ষার্থীদের মিছিলে যেতে বলেন বলে অভিযোগ মেলে।কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আবুল খায়ের ও মো. শাহীন হোসেন অভিযোগ করেন, অধ্যক্ষ তাঁর ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতেই কারও সঙ্গে পরামর্শ না করে প্রতিষ্ঠানের পরীক্ষা বন্ধ করে দেন। অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম বলেন, ‘ছাত্ররা আমাকে ভালোবাসে, ওরা আমাকে কলেজ থেকে যেতে দিতে চায় না, তাই হয়তো ওরা স্বতঃস্ফূর্তভাবে মিছিল বের করেছে।’ কেন পরীক্ষা বন্ধ রাখা হলো—এ ব্যাপারে নিরুত্তর ছিলেন তিনি।