পরীক্ষা বন্ধের দায় কাঁধে নিলেন সাধারণ শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে হামলা চালিয়ে পরীক্ষা বন্ধ করে দেওয়ার দায় কাঁধে তুলে নিলেন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা দাবি করেছেন, পরীক্ষা বন্ধ করে দেওয়ার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। পরীক্ষা বন্ধের আন্দোলন বিভাগের মাস্টার্সের সব শিক্ষার্থীর।
গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা মেহেদী হাসানের অসুস্থতার কথা বলে ছাত্রলীগের তিন নেতার নেতৃত্বে হামলা চালিয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। এ সময় ছাত্রলীগের নেতা–কর্মী ও শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এ ঘটনায় নেতৃত্ব দেওয়ায় মঙ্গলবার রাতে ওই চার ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কৃত নেতারা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি রানা চৌধুরী, মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ওরফে পলাশ, পরিবেশ সম্পাদক মুস্তাকিম বিল্লাহ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘মঙ্গলবার মাস্টার্সের ৫০৫ নম্বর কোর্সের পরীক্ষা ছিল। কিন্তু দিনটি সরকারি ছুটি থাকায় এবং আমাদের এক বন্ধু অসুস্থ থাকায় আমরা আমাদের বিভাগীয় সভাপতি বরাবর দরখাস্ত করি পরীক্ষা পেছানোর জন্য। মঙ্গলবার পরীক্ষার আগে দেওয়া দরখাস্ত বিভাগীয় সভাপতি আমলে নেননি। আমরা ৮০ থেকে ৮৫ জন শিক্ষার্থী যেখানে পরীক্ষা পেছানোর পক্ষে, সেখানে মাত্র ১৫ থেকে ২০ জনকে নিয়ে তালাবদ্ধ করে পরীক্ষা নেওয়া সংঘাত সৃষ্টির লক্ষ্যে।’
শিক্ষার্থীরা দাবি করেন, মঙ্গলবার শিক্ষকদের লাঞ্ছিত, শিক্ষকের সঙ্গে ধস্তাধস্তি বা ভাঙচুরের যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন। শিক্ষার্থীদের দাবি আদায়ের বিষয়টিকে ছাত্রলীগের দাবি আদায়ের চেষ্টা বলে যে অভিযোগ করা হয়েছে, তাও সঠিক নয়। পরীক্ষা স্থগিতের দাবি ছিল সব শিক্ষার্থীর, কোনো সংগঠনের নয়। সংবাদ সম্মেলনে দ্রুত স্থগিত পরীক্ষার তারিখ নির্ধারণের দাবি জানানো হয়।