পরীক্ষা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, আজকের পরীক্ষা নিয়েও শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হস্তক্ষেপ, শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছনা এবং সহ-উপাচার্য ও আইসিটি সেন্টারের প্রশাসককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এদিকে আজ রোববারও কয়েকটি নিয়োগ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার অবরোধের সময় এক আওয়ামী লীগ নেতা ঘোষণা দিয়েছিলেন, এ পরীক্ষা তাঁরা হতে দেবেন না। ফলে আজকের পরীক্ষা ঠিকঠাক হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সমাবেশ করে। এ সময় অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রদীপ মার্ডি বলেন, যখন শিক্ষার্থীদের দাবি নিয়ে আন্দোলন করা হয়, তখন পুলিশ বাধা দেয়। কিন্তু যখন বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়, তখন পুলিশের তৎপরতা দেখা যায় না।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দুটি নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেওয়ার ঘটনায় এখনো কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের সহকারী শিক্ষকের নয়টি, হিসাব সহকারীর একটি এবং অফিস সহকারীর একটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু শুক্রবার বিশ্ববিদ্যালয় ফটকে অবরোধ কর্মসূচি শেষে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ঘোষণা দিয়েছিলেন, ২৫ ডিসেম্বর তারিখে যে পরীক্ষা আছে, সেখানেও তাঁরা বাধা দেবেন। ফলে পরীক্ষাগুলো অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও ডাবলু সরকার গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, আজকের পরীক্ষায় তাঁরা বাধা দেবেন না।