পরীক্ষা বর্জন, গণিত শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেবাসের বাইরে প্রশ্ন আসায় পরীক্ষা বর্জন করেছে ঢাকা ও ইডেন কলেজের গণিত বিভাগের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থীরা। গতকাল বুধবার পরীক্ষা না দিয়ে তারা ইডেন ও ঢাকা কলেজের সামনে দুই দফা রাস্তা অবরোধ করে। শিক্ষার্থীরা নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গতকাল তাঁদের ‘ডিফারেনশিয়াল জিওমেট্রি’ (কোড-৩৭৬৬) বিষয়ের পরীক্ষা ছিল। তাঁদের কেন্দ্র ছিল ইডেন কলেজে। কিন্তু পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে এলে তাঁরা দেখতে পান ৮০ শতাংশ প্রশ্ন সিলেবাসের বাইরে করা হয়েছে। এ সময় পরীক্ষা পর্যবেক্ষকের কাছে বিষয়টি জানালে তিনি ইডেন কলেজের অধ্যক্ষাকে এ বিষয়ে অবহিত করেন। অধ্যক্ষা তাঁদের অপেক্ষা করতে বলেন। এরপর তিনি তাঁদের পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন। ততক্ষণে ঢাকা কলেজে পরীক্ষা দিতে যাওয়া ইডেন কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে রাস্তায় নেমে আসে। ঢাকা কলেজের শিক্ষার্থীরাও রাস্তায় নামে। প্রত্যক্ষদর্শী জানায়, দুই কলেজের শিক্ষার্থীরা পৌনে ১২টায় এক সঙ্গে আন্দোলন করেন। এ সময় তাঁরা ইডেন কলেজের সামনে আধা ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিলে শিক্ষার্থীরা অবস্থান নেয় ঢাকা কলেজের সামনে। এখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করলে ঢাকা কলেজের ছাত্রলীগ নেতা-কর্মীরা তাঁদের ছত্রভঙ্গ করে দেন।এ ব্যাপারে ঢাকা কলেজের অধ্যক্ষ সিরাজউদ্দিন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা দাবি করে তাদের প্রশ্ন কমন পড়েনি এবং সিলেবাসের বাইরে থেকে এসেছে। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, শিক্ষার্থীরা এ ব্যাপারে কোনো আবেদন করলে সেটি বিবেচনা করা হবে। তবে তারা যেন পরের পরীক্ষাগুলোয় অংশ নেয়।