অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গতকাল সোমবার অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে।
ওই প্রতিষ্ঠান ও স্থানীয় সূত্রে জানা যায়, উচাখিলা স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক শাখায় গতকাল থেকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের কাছ থেকে আশপাশের অন্যান্য বিদ্যালয়ের চেয়ে অতিরিক্ত পরীক্ষার ফি নেওয়া হয়। প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ৩৫০, অষ্টম শ্রেণির ৪০০ ও নবম-দশম শ্রেণির ৪৫০ টাকা ফি ধরা হয়েছে। এ ছাড়া আনুষঙ্গিক ফির নামে আরও টাকা আদায় করা হয়। এ অবস্থায় শিক্ষার্থীরা গতকাল পরীক্ষায় অংশ না নিয়ে অধ্যক্ষের অপসারণের দাবি জানিয়ে বিদ্যালয়ের ভেতরে বিক্ষোভ শুরু করে। মিছিলটি প্রতিষ্ঠান থেকে বের হয়ে উচাখিলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ পরিস্থিতিতে পরীক্ষাটি বাতিল ঘোষণা করে কর্তৃপক্ষ।
উচাখিলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল হালিম বলেন, শিক্ষার্থী ও অভিভাবকেরা তাঁদের সমস্যার কথা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে না জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরীক্ষার ফি তো আজ নয়, আগেই নির্ধারণ করা ছিল। তখন তো কেউ বিরোধিতা করেননি। এ পরিস্থিতিতে পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে।