স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ শিক্ষকদের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামছেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে প্রধান শিক্ষকদের বেতন জটিলতা নিরসন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহালসহ পাঁচ দফা দাবি জানিয়েছে। দাবি না মানলে আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছেন সমিতির নেতারা।
কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকলেও সরকার এখনো এ নিয়ে আলোচনার উদ্যোগ নেয়নি।
আলাদা বেতন স্কেল ও গ্রেড-বৈষম্য নিরসনের দাবিতে কাল বৃহস্পতিবার আবারও কর্মবিরতি পালন করবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা। ঈদের ছুটির পর তাঁরা লাগাতার কর্মসূচি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
আর সরকারি কলেজের শিক্ষকেরা দ্বিতীয়বারের মতো ১৯ ও ২০ সেপ্টেম্বর কর্মবিরতি পালন করবেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খন্দকার প্রথম আলোকে বলেন, সমস্যা নিরসনে তাঁরা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন।
এ রকম পরিস্থিতিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গতকাল সংবাদ সম্মেলন করে দাবি আদায়ে নভেম্বরে অনুষ্ঠেয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছে। এ ছাড়া ১৯ ও ২০ সেপ্টেম্বর দুই ঘণ্টা এবং ২১ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে সমিতি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সমিতির নেতা আবুল বাসার, আনোয়ারুল ইসলাম, জুলফিকার আলী প্রমুখ।
এর আগে বাংলাদেশ প্রাইমারি সহকারী শিক্ষক ঐক্যজোট সহকারী শিক্ষকদের গ্রেড-১২ করাসহ কয়েকটি দাবিতে এখন থেকে প্রতি বৃহস্পতিবার অর্ধদিবস ও শনিবার পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে।