পরীক্ষা বাতিলের সম্ভাবনা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত আন্তমন্ত্রণালয় কমিটি এসএসসি পরীক্ষায় বিভিন্ন বিষয়ে এমসিকিউ অংশে কিছু কিছু ফাঁসের প্রমাণ পেয়েছে। কিন্তু সৃজনশীল অংশে ফাঁসের কোনো প্রমাণ পায়নি। সার্বিক দিক বিবেচনায় পরীক্ষা বাতিলের সুপারিশ করার সম্ভাবনা একেবারেই কম।

গতকাল রোববার সরকারি পরিবহন পুলের সভাকক্ষে আন্তমন্ত্রণালয় কমিটির চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এসব পর্যবেক্ষণ উঠে আসে। বৈঠকে উপস্থিত কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, পরীক্ষা বাতিলের সম্ভাবনা কম।

তবে পরীক্ষা বাতিল হবে কি না, সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি কমিটির সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ১৫-২০ লাখ শিক্ষার্থীর স্বার্থের কথা চিন্তা করেই সুপারিশ করা হবে। সরকারও তাদের স্বার্থের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেবে। এমন কোনো সুপারিশ করা হবে না, যাতে তাদের ক্ষতি হয়। তাই তারা যেন উদ্বেগে না থাকে। দু-এক দিনের মধ্যেই প্রতিবেদন সরকারের (শিক্ষা মন্ত্রণালয়) কাছে জমা দেওয়া হবে বলে জানান সচিব।

একের পর এক প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে গত শনিবার শেষ হয় এসএসসির লিখিত পরীক্ষা। এবার শুরু থেকেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। এক ডজন সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ফাঁস ঠেকাতে পারেনি সরকার। ১৭ দিন লিখিত পরীক্ষা ছিল। এর মধ্যে ১২ দিনে আবশ্যিকসহ ১২টি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যা প্রশ্নপত্র ফাঁসের রেকর্ড।

প্রথম দুই দিনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর ব্যাপক সমালোচনার মুখে ৪ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীরকে প্রধান করে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ যাচাই-বাছাইয়ে আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। কমিটির দ্বিতীয় সভায় প্রশ্নপত্র ফাঁসের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়েছিল। গতকাল সুপারিশ চূড়ান্ত করার জন্য তৃতীয়বারের মতো সভায় বসে কমিটি।

সভা শেষে কমিটির প্রধান মো. আলমগীর বলেন, কোনো বিষয়ে রচনামূলক (সৃজনশীল অংশ) প্রশ্ন ফাঁস হয়নি। তবে কিছু কিছু এমসিকিউ মিলেছে। ১২টি পরীক্ষার জন্য ১২ ধরনের সিদ্ধান্ত হতে পারে।