
‘আপনারা সবাই আবদুল্লাহর জন্য দোয়া করবেন। যেন আমার স্বপ্নপূরণ হয়।’
কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার অদম্য মা চায়না খাতুন। দৃষ্টিশক্তিহারা ছেলে আবদুল্লাহ আল শাইমকে নিয়ে আজ শুক্রবার তিনি এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছেন তাঁর ছেলে।
সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের চারতলায় শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দিয়েছেন আবদুল্লাহ। চাচাতো বোন দশম শ্রেণির ছাত্রী কুমকুম জাহান ভাইয়ের পরীক্ষায় শ্রুতি লিখনের কাজ করে। বেলা ১১টায় পরীক্ষা শেষে আবদুল্লাহ প্রথম আলোকে জানান, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয় ভালো হয়েছে। ভাগ্য সহায় হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন বলে তিনি মনে করেন।
গত ২০ আগস্ট প্রথম আলোতে এই মেধাবী ছেলে ও তাঁর অদম্য মায়ের জীবনযুদ্ধের খবর প্রকাশিত হয়। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোবরগাড়া গ্রামে প্রতিরাতে ক্লান্তিহীনভাবে পড়াশোনা চলত এই মা ও ছেলের। সশব্দে ছেলের পাঠ্যবইয়ের প্রতিটি বাক্য পড়তেন মা। তা রেকর্ড হতো মুঠোফোনে। মুঠোফোনে ওই রেকর্ড মন দিয়ে শুনতেন দৃষ্টিশক্তিহারা ছেলে আবদুল্লাহ। এটিই তাঁর পড়ার একমাত্র উপায়। পরিশ্রম বৃথা যায়নি। এবার এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পান আবদুল্লাহ। প্রথম আলোকে তিনি বলেছিলেন, ‘আমার ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া। আর মাস্টার্স শেষ করে শিক্ষকতা করতে চাই।’