পরীক্ষা শুরুর ৩৫ মিনিট পর প্রশ্নপত্র সরবরাহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীতে গত মঙ্গলবার এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় পাঁচ পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩৫ মিনিটি পর প্রশ্নপত্র সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া এক পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।কক্ষ পরিদর্শক ও আমতলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিয়ম না থাকায় পরীক্ষা চলাকালে আমি কক্ষের বাইরে যেতে পারিনি। দায়িত্বরত কেন্দ্র সুপারকে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাই। কিন্তু তিনি কোনো ব্যবস্থাই নেননি।’আমতলী ডিগ্রি কলেজ ভেন্যুতে দায়িত্বরত কেন্দ্র সুপার ও ইউনুস আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইউনুস আলী খান জানান, ‘রিপা নামের এক পরীক্ষার্থীর প্রশ্নপত্র পরিবর্তনের জন্য আমার সঙ্গে কোনো কক্ষ পরিদর্শক আদৌ যোগাযোগ করেননি। পাঁচ পরীক্ষার্থীর প্রশ্নপত্র সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছায়নি জেনে আমি তা আমতলী থানা হেফাজত থেকে সংগ্রহ করে সরবরাহ নিশ্চিত করেছি।’ভুক্তভোগী পরীক্ষার্থী মর্জিনা জানায়, ‘পরীক্ষা শুরুর ২৮ মািনট পর আমাকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে। বাকি সময়ে আমি সব প্রশ্নের উত্তর লিখতে পারব না। আমার এ ক্ষতির দায়িত্ব কে নেবে?’আমতলী কেন্দ্রের সচিব ও আমতলী বকুল নেছা মহিলা কলেজের অধ্যক্ষ ফোরকান মিয়া বলেন, ‘প্রশপত্র সরবরাহে সামান্য দু-এক মিনিট বিলম্ব হয়েছে। তাতে পরীক্ষার্থীদের তেমন কোনো অসুবিধা হয়নি। তবে রিপা নামের পরীক্ষার্থীকে যে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছে, এ ব্যাপারটি আমার জানা নেই। সেটা দায়িত্বরত কেন্দ্র সুপারের ব্যবস্থা করা উচিত ছিল।’বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন হাওলাদার মুঠোফোনে জানান, ‘ঘটনাগুলো খুবই দুঃখজনক। ওই পরীক্ষার্থীদের যে ক্ষতি হলো, তা পূরণ করতে পারব না। তবে এ রকম দায়িত্বহীনতার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’