পরীক্ষা শেষে ফেরার পথে বজ্রপাতে মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল বৃহস্পতিবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে পিংকি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পিংকি কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের আবদুল আউয়াল মিয়ার মেয়ে এবং পৌর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পিংকির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে পরীক্ষা শেষে পিংকি গতকাল বেলা তিনটার দিকে বাড়ি ফিরছিল। হঠাৎ কালবৈশাখী শুরু হয়। একপর্যায়ে দৌড়ে পাশের একটি বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পিংকির বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জহিরুল হক খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানার ওসি মো. গোলাম মোর্সেদ বলেন, হাসপাতাল থেকে পিংকির লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে।’
ইউএনও জানান, জেলা পরিষদের ত্রাণ তহবিল থেকে পিংকির পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।