পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রীটির
প্রথম সাময়িক পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল সপ্তম শ্রেণীর ছাত্রী প্রিয়া দত্ত। শহরের দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে পটিয়া ডাকবাংলোর সীমানা দেয়াল ঘেঁষে নিজেকে রক্ষার চেষ্টা করে সে। কিন্তু ট্রাকটি সীমানা দেয়াল মাড়িয়ে পিষ্ট করে তাকে। গত সোমবার বিকেল চারটার দিকে চট্টগ্রামের পটিয়ায় এ ঘটনা ঘটে। স্কুলছাত্রী প্রিয়ার রক্তাক্ত নিথর দেহ তাৎক্ষণিক পটিয়া স্বাস্থ্যকেন্দ্র এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তাকে। প্রিয়া দত্তের রক্তাক্ত দেহ দেখে তার মা-বাবা কান্নায় ভেঙে পড়েন।প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার পরপরই স্থানীয় জনতা ট্রাকচালক মো. সেলিম এবং চালবোঝাই ট্রাকটি (চট্ট-মেট্টো-ড-১৭২৮) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। সেলিম জানান, তাঁর বাড়ি ফেনী জেলায়। শহর থেকে খাদ্য বিভাগের চালবোঝাই করে পটিয়া খাদ্য গুদামে নিয়ে যাচ্ছিলেন।পটিয়া আবদুর রহমান বালিকা বিদ্যালয়ের শিক্ষক শফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘প্রিয়া দত্ত বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনার কথা শুনে আমরা ঘটনাস্থলে যাই।’