পরীক্ষা হলে ঢুকে শিক্ষককে হামলার চেষ্টা, মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকল করতে দিতে অস্বীকৃতি জানানোয় রংপুর সরকারি কলেজের পরীক্ষার হলে ঢুকে এক শিক্ষকের ওপর হামলার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার কোতোয়ালি থানায় মামলাটি করেন ভুক্তভোগী শিক্ষক আজিজুল হক।
মামলায় মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক ও কলেজের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ হাজ্জাজসহ অজ্ঞাতনামা আটজনকে আসামি করা হয়েছে।
গত শনিবার মাস্টার্সের পরীক্ষা চলাকালে ছাত্রলীগ নেতা হাজ্জাজ দলবল নিয়ে ৪০১ নম্বর পরীক্ষা কক্ষে যান। এ সময় কলেজের বাংলার শিক্ষক আজিজুল হক দায়িত্ব পালন করছিলেন। ওই হলে ছাত্রলীগের এক নেতা পরীক্ষা দিচ্ছিলেন। ওই পরীক্ষার্থী নকল করলেও তাতে বাধা না দেওয়ার জন্য শিক্ষক আজিজুলকে অনুরোধ করেন ছাত্রনেতা হাজ্জাজ। এতে অস্বীকৃতি জানালে পরদিন দলবল নিয়ে পরীক্ষা হলে ঢুকে ওই শিক্ষকের ওপর হামলার চেষ্টা চালান হাজ্জাজ।