পরীক্ষাকেন্দ্র দাবি মাছপাড়ায় বিক্ষোভ ট্রেন অবরোধ
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়ায় পরীক্ষাকেন্দ্রের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মাছপাড়া ডিগ্রি কলেজের পরীক্ষার্থীরা মিছিল, সমাবেশ এবং তিন ঘণ্টা ট্রেন অবরোধ করে রাখে।মাছপাড়া ডিগ্রি কলেজ সূত্রে জানা গেছে, কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র পাংশা কলেজ ঘোষণা করা হয়েছে। এর পর থেকেই শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্র মাছপাড়ায় রাখার দাবি জানায়। দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার সকালে তারা শিক্ষক মিলনায়তন তালাবদ্ধ করে দেয় এবং কয়েকটি বেঞ্চ ও চেয়ার ভাঙচুর করে। এরপর তারা খুলনা থেকে দৌলতদিয়াগামী নকশি কাঁথা ট্রেন মাছপাড়া স্টেশনে তিন ঘণ্টা অবরোধ করে রাখে। পরীক্ষার্থী হাবিব জানায়, দীর্ঘদিন ধরে মাছপাড়ায়ই পরীক্ষা হয়ে আসছে; কিন্তু এবার কেন্দ্র পরিবর্তন করে পাংশা নিয়ে যাওয়ার প্রতিবাদে ট্রেন অবরোধ করা হয়। কালুখালীর ইউএনও এরশাদ হোসেন খান জানান, জনপ্রতিনিধিরা পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে ট্রেন ছাড়ার ব্যবস্থা করেন।