পরীক্ষাকেন্দ্র নয়, ওরা গেল শ্বশুরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামীমা সুলতানা (ছদ্মনাম) এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ধুমসে পড়াশোনা করছিল। পরীক্ষার ফরমও পূরণ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তার আর এই পরীক্ষা দেওয়া হয়নি। পরীক্ষার আগেই অভিভাবকেরা তার বিয়ে দিয়ে দেন।
এই পরিণতি শুধু শামীমার একার নয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় খোঁজ নিয়ে এ রকম অনেক শামীমার কথা জানা গেছে, যাদের জেএসসি বা জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দেওয়ার স্বপ্ন আর কখনো পূরণ হবে কি না, তা শুধু ভবিষ্যৎই বলতে পারে। তিন মাস আগেই পরীক্ষা দেওয়ার জন্য তারা ফরম পূরণ করলেও পরীক্ষা না দিয়ে তারা গিয়েছে শ্বশুরবাড়িতে। অনেক ক্ষেত্রে বিয়ের পর তাদের আর পরীক্ষা দিতে দেয়নি শ্বশুরবাড়ির লোকজন।
আটমূল বিরাজ উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার এমদাদুল হক বলেন, ‘জেডিসি পরীক্ষায় আমার মাদ্রাসা থেকে একজন মাত্র ছাত্রী ফরম পূরণ করে। কিন্তু তারও বিয়ে হয়ে যাওয়ায় এবার আর পরীক্ষা দিচ্ছে না।’ তিনি আরও বলেন, বাল্যবিবাহের কারণে এ রকম ঘটনা অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই ঘটেছে। এ অবস্থার জন্য অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করেন তিনি। ঝরে পড়া ছাত্রীদের ৯৯ শতাংশই বাল্যবিবাহের কারণে লেখাপড়া ছেড়ে দিচ্ছে বলে জানান তিনি।
শিবগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম বলেন, ‘আমার বিদ্যালয় থেকে তিনজন ছাত্রী ফরম পূরণ করেও বিয়ে হয়ে যাওয়ায় আর পরীক্ষা দিচ্ছে না।’
জেএসসি পরীক্ষার সাত দিন আগে বিয়ে হয়েছে উপজেলার আটমূল ইউনিয়নের এক ছাত্রীর। ওই ছাত্রীর বাবা বলেন, তাঁর মেয়েকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে অনেক ছেলে উত্ত্যক্ত করত। তাই মেয়ের নিরাপত্তার স্বার্থে ভালো পাত্র পাওয়ায় বিয়ে দিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘মেয়ে বড় হয়েছে। সচ্ছল পরিবার থেকে সম্পর্ক (বিয়ের প্রস্তাব) এসেছে। তাই পাত্র হাতছাড়া করিনি।’ খোঁজ নিয়ে জানা যায়, অবস্থাসম্পন্ন কৃষক পরিবারে মেয়েটির বিয়ে হয়েছে। যে ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, তাঁর বয়স ২৪ বছর। তাঁর কসমেটিকসের একটি দোকান রয়েছে।
ওই মেয়ে বলে, ‘আমি পরীক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু বাবা-মা হঠাৎ করে বিয়ে দিয়ে দেওয়ায় আর পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। শ্বশুরবাড়ির লোকজন চায় না আমি আর লেখাপড়া করি।’
মেয়েটির শ্বশুর বলেন, ‘সবেমাত্র বিয়ে হলো। দেখা যাক, কী হয়। প্রয়োজন হলে না হয় পরে পরীক্ষা দিবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলা থেকে জেএসসি পরীক্ষায় এ বছর ৪ হাজার ১৬৪ জন এবং জেডিসি পরীক্ষায় ১ হাজার ৬০৯ জন ছাত্রছাত্রী ফরম পূরণ করে। এর মধ্যে জেএসসিতে ৫০ এবং জেডিসিতে ৩২ জন ছাত্রী অনুপস্থিত রয়েছে। অর্থাৎ, মোট ৮২ জন ছাত্রী এবার এ পরীক্ষায় ফরম পূরণ করেও শেষ পর্যন্ত পরীক্ষা দিচ্ছে না। এসব ঝরে পড়া বেশ কয়েকজন ছাত্রী, সংশ্লিষ্ট বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষায় এসব ছাত্রীর অনুপস্থিতির প্রধান কারণ বাল্যবিবাহ।
উপজেলার পাঁচ-ছয়জন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানকার বেশির ভাগ মানুষ দরিদ্র। মেয়েদের নিয়ে অভিভাবকেরা সব সময় নিরাপত্তাহীনতায় ভোগেন। তাই অল্প বয়সে মেয়েকে পাত্রস্থ করে নিশ্চিত থাকতে চান তাঁরা।
শিবগঞ্জ পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ‘দারিদ্র্য, কুসংস্কার, সামাজিক অস্থিরতা, মেয়েদের নিয়ে নিরাপত্তাবোধের অভাব ও পারিবারিকভাবে শিক্ষার অভাব থাকায় বাল্যবিবাহের ঘটনা ঘটছে। এতে উপজেলার অনেক সম্ভাবনাময়ী মেধাবী ছাত্রী অকালে ঝরে পড়ছে। এসব মেয়ের অধিকাংশ অষ্টম শ্রেণির গণ্ডিও পেরোতে পারছে না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন মণ্ডল বলেন, ‘ফরম পূরণ করার পরও পরীক্ষায় অংশ না নেওয়ার প্রধান কারণ বাল্যবিবাহ। সরকার ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করলেও তা ঠেকানো যাচ্ছে না।’
শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান বলেন, ‘কি শহর, কি গ্রাম—সব জায়গাতেই এখনো অহরহই বাল্যবিবাহের ঘটনা ঘটছে। উদাহরণস্বরূপ এবার ফরম পূরণ করার পরও ৮২ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে না। বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি মেয়েশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও তৎপর হতে হবে।’