ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরে এইচএসসি পরীক্ষাকেন্দ্র বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ভালুকা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। গত বুধবার বেলা ১১টায় কলেজ এলাকার মহাসড়ক অবরোধ করে তারা। কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেয়। কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা জানায়, উপজেলা সদর থেকে এবার তাদের পরীক্ষাকেন্দ্র সরিয়ে প্রায় ২৫ কিলোমিটার দূরে কাচিনা ইউনিয়নের প্রত্যন্ত বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজে নেওয়া হয়েছে। এতে ভালুকা কলেজের প্রায় ৮০০ এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে। সদর থেকে ওই এলাকায় সরাসরি যাতায়াতের ব্যবস্থা না থাকাসহ পরীক্ষার্থীদের থাকা-খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। পরে অবশ্য প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। ভালুকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রউফ জানান, এখানকার পরীক্ষার্থীরা বাটাজোরে যেতে চায় না। আগে ভালুকা পাইলট বা ভালুকা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হলেও কয়েক বছর ধরে বাটাজোরে কেন্দ্রটি স্থানান্তর করায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম জানান, ‘স্থানীয় সাংসদ, আন্দোলনরত পরীক্ষার্থীদের প্রতিনিধি, প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের সমন্বয়ে আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধানের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এ ব্যাপারে আমরা পদক্ষেপ নেব।’