পরীক্ষাকেন্দ্র সরিয়ে মাঠে চলছে সার্কাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজের মাঠে ১২ দিন ধরে চলছে সার্কাস, নাগরদোলা ও পুতুলনাচ। এ কারণে কলেজকেন্দ্রের চলতি এইচএসসির পরীক্ষা পার্শ্ববর্তী কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হকের নেতৃত্বে এসব চালানো হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, বামনডাঙ্গা আব্দুল হক কলেজটি চলতি এইচএসসি পরীক্ষার মূল কেন্দ্র। এখানে দুটি কলেজের ৪৪০ জন শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা। নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীরা নিজ কেন্দ্রে পরীক্ষা দিতে পারে না। এ কারণে আব্দুল হক কলেজের পরীক্ষার্থীরা পার্শ্ববর্তী বামনডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। আবার সার্কাসের কারণে কেন্দ্র সরিয়ে নেওয়ায় আব্দুল হক কলেজ কেন্দ্রের ৪৪০ জনের পরীক্ষা নেওয়া হচ্ছে। শিবরাম মোহাম্মদ হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম আজম বলেন, তাঁর কলেজের ৭৮ জন পরীক্ষার্থীর পরীক্ষা আব্দুল হক কলেজ কেন্দ্রে হওয়ার কথা থাকলেও বিধি লঙ্ঘন করে অন্য জায়গায় পরীক্ষা নেওয়া হচ্ছে। এদিকে কলেজের মাঠে প্রতিদিন বিকেলে সার্কাসের শো শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত। একই সময়ে নাগরদোলা ও পুতুলনাচ চলছে। রাতে সার্কাস ও পুতুলনাচের নামে চলে অশ্লীল নৃত্য। বামনডাঙ্গা গ্রামের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, বিকেলে সার্কাস শুরু হলেও কলেজ মাঠে সাজানো সার্কাস ও পুতুলনাচের প্যান্ডেল ছাত্রছাত্রীদের মনোযোগ নষ্ট করছে। একসঙ্গে পাঠদান ও সার্কাস চললে শিক্ষার পরিবেশ থাকে না। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, সার্কাসের বিষয়টি পূর্বপরিকল্পিত। তাই আগে থেকেই কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে।বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ ঈমান হোসেন বলেন, মৌখিকভাবে সার্কাসের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু পড়ালেখার কোনো ক্ষতি হচ্ছে না। পরীক্ষাকেন্দ্র স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, সার্কাসের জন্য নয়, অল্পসংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া ঝামেলা। তাই বামনডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সবার পরীক্ষা নেওয়া হচ্ছে। সার্কাসের আয়োজক মোজাম্মেল হক বলেন, ‘সার্কাস চালানোর জন্য প্রশাসন অনুমতি দিয়েছে। আমরা কেবল সম্মতি দিয়েছি।’