পরীক্ষাকেন্দ্রের কাছে মাইক বাজিয়ে বিএনপির সমাবেশ
যশোরের কেশবপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) চলাকালে কেন্দ্র থেকে মাত্র ২০ গজ দূরে মাইক বাজিয়ে বিএনপির সমাবেশ হয়েছে। মাইকের উচ্চ শব্দে পরীক্ষা দিতে পরীক্ষার্থীরা সমস্যায় পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে গতকাল শুক্রবার বিকেলে জেএসসি পরীক্ষার শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষা বেলা আড়াইটাই শুরু হয়। শেষ হয় সাড়ে চারটায়। কেন্দ্র থেকে মাত্র ২০ গজ দূরে কেশবপুর ত্রিমোহিনী মোড় চত্বরে পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ হয়।
ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলার ২০৭ এবং ২০৮ নম্বর কক্ষে শব্দদূষণের কারণে অনেক শিক্ষার্থী কানে হাত দিয়ে লিখছে।
ত্রিমোহিনী বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী জানায়, সে মাইকের আওয়াজে স্থিরভাবে ভেবে কিছু লিখতে পারছে না। সাতবাড়িয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী রিক্তা জানায়, মাইকের উচ্চ শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে।
কক্ষ পরিদর্শক কামরুজ্জামান বলেন, ‘শব্দদূষণে আমরাও অস্বস্তিতে পড়েছি। পরীক্ষার্থীরা তাদের অসুবিধার কথা আমাদের জানাচ্ছে।’ হল সুপার পাঁচারই টিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোন্তাজ আলী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অসুবিধার কথা বিএনপির নেতাদের জানিয়েছি। তাঁরা বিদ্যালয়ের কাছের মাইকটি বন্ধ করে দিয়েছেন। তার পরও শব্দ আসছে।’
কেন্দ্রসচিব ও পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান বলেন, পরীক্ষাকেন্দ্রের ২০ গজ দূরে মাইক বাজালে ১৪৪ ধারা লঙ্ঘিত হয়। কিন্তু সেটা মানা হচ্ছে না।
সমাবেশের সভাপতি পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবদুস সামাদ বিশ্বাস বলেন, ‘এটি একটি পাবলিক প্লেস। এখানে সভা করছি। আমরা পরীক্ষার কথা জেনে পরীক্ষাকেন্দ্রের দিকের মাইকটি বন্ধ করে দিয়েছি।’
সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দীন আলা, জামায়াতের নেতা মোক্তার আলীসহ অন্য নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মোহামঞ্চদ মনজুর আলম বলেন, ‘আমরা ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছি। মাইক বন্ধ করে দেওয়া হয়েছে।’