পরীক্ষাকেন্দ্রের বদলে হাসপাতালে রক্তাক্ত ইসমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার সঙ্গে সাইকেলে চড়ে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল ইসমত আরা (১৬)। হঠাৎ একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়ে বাবা ও মেয়ে। মাথায় প্রচণ্ড আঘাত লাগে ইসমত আরার। পরীক্ষার কেন্দ্রে নয়, হাসপাতাল হয় তার গন্তব্য। কলমের কালির বদলে মাথার রক্ত ঝরতে থাকে ইসমত আরার।

আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ইসমতকে প্রথমে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে উপজেলার বিন্যাকুড়ী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। আজ তার ইসলাম শিক্ষা পরীক্ষা ছিল। তার বাবাকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মো. শহীদুজ্জামান প্রথম আলোকে জানান, ইসমতের মাথার পেছনে বড় ধরনের ক্ষত হয়েছে। মাথার একটি হাড় সরে গেছে। রক্তক্ষরণ হচ্ছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।