পরীক্ষাকেন্দ্রের সচিবকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার একটি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (আবশ্যিক) সৃজনশীল বিষয়ে ‘খ’ সেটের বদলে ‘ক’ সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত শনিবার ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিন-চারজন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার এসএসসি পরীক্ষার শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (আবশ্যিক) সৃজনশীল বিষয়ে সারা দেশে ‘খ’ সেটের পরীক্ষা নেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী দেশের সব কেন্দ্রে একযোগে ওই বিষয়ে ‘খ’ সেটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমনকি নলডাঙ্গা দুটি কেন্দ্রের মধ্যে নলডাঙ্গা কেন্দ্রে ‘খ’ সেটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু নলডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে একই বিষয়ে ‘ক’ সেটে পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনা পরীক্ষা শেষেও কেউ বুঝতে পারেনি। পরে দুই শিক্ষার্থীর মধ্যে আলাপচারিতার একপর্যায়ে ঘটনাটি প্রকাশ পায়। ওই কেন্দ্রে সাতটি বিদ্যালয়ের ২৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষার্থী মারিয়া খাতুন জানায়, পরীক্ষকেরা ‘খ’ সেট ধরে খাতা মূল্যায়ন করবেন। এতে তাদের সবার উত্তরপত্র ভুল হিসেবে গণ্য হবে। সে জন্য তাদের দুশ্চিন্তা হচ্ছে।

এ ব্যাপারে নলডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের কেন্দ্র সচিব ইয়াহিয়া বলেন, ‘প্রশ্নপত্র প্যাকেট থেকে খুলতে ভুল হয়েছে। প্রথমে আমরা কেউ বুঝতে পারিনি। এখন জানার পর সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’

নলডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা মগরেফ আলী বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জানান, কেন্দ্র সচিবের ভুলের কারণে এমনটি হয়েছে। এ জন্য তাঁকে কারণ দর্শানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি সমাধানের জন্য বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।