পরীক্ষাকেন্দ্রের সীমানায় মেলা অশ্লীল নৃত্য, জুয়ার আসর
কুষ্টিয়া মিরপুর মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্রের পাশেই গত ১৪ এপ্রিল থেকে বৈশাখী মেলা চলছে। বৈশাখী মেলার নামে রাতে সেখানে অশ্লীল নৃত্য এবং জুয়ার আসর বসে। আর দিনের বেলায় মেলার মাঠে তীব্র শব্দে বাজে মাইক। এতে পরীক্ষার্থীদের খুবই সমস্যা হচ্ছে। কিন্তু মেলা আয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারদলীয় হওয়ায় ভয়ে কেউ এর প্রতিবাদ করতে পারছে না।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল থেকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পশুর হাটে বৈশাখী মেলা শুরু হয়। মেলার আয়োজক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এনামুল হক। তবে গতকাল সোমবার পর্যন্ত প্রশাসন থেকে মেলার অনুমতি দেওয়া হয়নি।সরেজমিনে গত রোববার বিকেলে গিয়ে দেখা গেছে, মিরপুর শহরে একাধিক ভ্যানে করে মেলার র্যাফল ড্রর মাইকিং হচ্ছে। পশুর হাটের চারপাশে শতাধিক স্টল বসেছে। রাতে মেলায় অশ্লীল নৃত্য ও জুয়া চলে। কলেজের প্রধান ফটকের সামনে প্রায় ১০ গজের মধ্যে টিন ও শামিয়ানাঘেরা প্যান্ডেল। প্যান্ডেলের ওপর দুটি মাইক কলেজের দিকে মুখ করা।নাম প্রকাশে অনিচ্ছুক মিরপুর মহিলা ডিগ্রি কলেজের একজন শিক্ষক জানান, পরীক্ষার হলের পাশেই মেলায় জোরে মাইক বাজানোয় পরীক্ষার্থীরা ঠিকমতো পড়ায় মনোনিবেশ করতে পারে না। মেলার আয়োজক এনামুল হক গত সোমবার সকালে প্রথম আলোকে বলেন, ‘বৈশাখী মেলায় ছেলেরা লোকভিত্তিক গানটান করছে, এটার আবার অনুমোদন কী। তবে আবেদন করা হয়েছে।’ মেলায় অশ্লীল নৃত্যের ব্যাপারে বলেন, আওয়ামী লীগ যত ভালো কাজই করুক, অধিকাংশ মানুষ স্বভাবতই এর বিরোধিতা করে। পরীক্ষার সময় মেলায় মাইক বাজে না দাবি করে তিনি বলেন, ‘অভিযোগ ধরলে পা ফেলার ওপরও ধরা যায়।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল হাফিজ বলেন, ‘জানামতে এখনো মেলার অনুমোদন দেওয়া হয়নি। তবে শুক্রবার সন্ধ্যায় মেলার আয়োজক পৌর মেয়রের সঙ্গে আলাপ হয়েছে। বলা হয়েছে মেলায় জোরে মাইক বাজানো যাবে না। এমনকি অশ্লীল নৃত্য এবং জুয়া খেলা হলে তাৎক্ষণিক তা বন্ধ করে দেওয়া হবে। প্রমাণের অভাবে সেটা পারছি না।’ পরীক্ষাকেন্দ্রের সীমানার মধ্যে মেলার ব্যাপারে তিনি বলেন, ‘পরীক্ষার ব্যাপারটা আমার জানা ছিল না। আর পরীক্ষা চলার সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকে। সোমবার (গতকাল) সন্ধ্যার মধ্যে মেলা বন্ধ না হলে মেলার মাঠেও ১৪৪ ধারা জারি করা হবে।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, মেলার কারণে শিক্ষার্থীদের খুবই সমস্যা হচ্ছে। মেলা বন্ধের জন্য আয়োজকদের বলা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘মেলার জন্য আবেদন করা আছে শুনেছি, এখনো অনুমোদন দেওয়া হয়নি। সেখানে পুলিশের টহল আছে, কোনো অশ্লীল নৃত্য বা জুয়া হচ্ছে না।’