পরীক্ষাকেন্দ্রের ১০০ গজের মধ্যে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে একটি এইচএসসি পরীক্ষা-কেন্দ্রের ১০০ গজের মধ্যে হস্ত ও ক্ষুদ্র কুটিরশিল্প মেলা চলছে। এতে পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরীক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও স্থানীয় লোকজন অভিযোগ করেন, ২০ মার্চ থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ-সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে হস্ত ও কুটিরশিল্প মেলার আয়োজন করা হয়। এ জায়গা থেকে কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দূরত্ব মাত্র ১০০ গজ। স্থানীয় একজন ডেকোরেটরের মালিক নুরু মিয়া জেলা প্রশাসনের অনুমতি নিয়ে প্রতিবছর এ মেলা আয়োজন করেন। অন্যান্য বছর স্টেডিয়ামের সামনে মেলা বসলেও এবার স্মৃতিস্তম্ভের সামনে মেলাটি স্থানান্তর করা হয়।
মেলায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ম্যাজিক শো চলছে। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য দোকানিরা উচ্চ স্বরে গান বাজাচ্ছেন। এতে পরীক্ষার্থীদের মনোযোগে বাধার সৃষ্টি হচ্ছে।
সালেহিন, নাজমা বেগম, হাবিবা, শারমিন আক্তারসহ একাধিক পরীক্ষার্থী বলে, মেলার কারণে পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে। কারণ, পরীক্ষা চলার সময়ও এখানে উচ্চ স্বরে গান-বাজনা ও মাইকিং করা হয়। মেলার পাশে সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক স্কুল, সরকারি মহিলা কলেজসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
মেলার আয়োজক তহুরা ডেকোরেটরের মালিক নুরু মিয়া বলেন, ‘জেলা প্রশাসনের অনুমতি নিয়ে মেলার আয়োজন করেছি।’ মেলায় স্থানীয় হস্ত ও কুটিরশিল্পের কোনো দোকান না থাকা প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় কুটিরশিল্পীরা বরাদ্দকৃত দোকানের টাকা দিতে পারেন না বলে তাঁরা কোনো দোকান পাননি।
জেলা প্রশাসক এ বি এম আজাদ জানান, ক্ষুদ্র ও কুটিরশিল্প বিকাশের জন্য মেলার অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সমস্যার বিষয়টি বিবেচনা করে দেখা হবে।