চট্টগ্রাম বন্দরে জব্দ করা সূর্যমুখী তেলের চালানের আরেকটি ড্রাম থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নুরুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, সংগ্রহ করা নমুনা আদালতে উপস্থাপন করে পরীক্ষাগারে পাঠানোর আবেদন করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, জব্দ করা ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনা পরীক্ষায় কোকেনের অস্তিত্ব পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারের পরীকক্ষকেরা ৫৯ নম্বর ড্রামটিতেও কোকেন থাকতে পারে বলে মতামত দিয়েছিলেন। এ জন্য ড্রাম থেকে নমুনা সংগ্রহ করতে গত ৩০ আগস্ট আদালতে আবেদন করা হয়। আদালত চারটি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ড্রাম থেকে আলামত সংগ্রহের আদেশ দিয়েছেন। আদালতের আদেশমতো গত শনিবার ৫৯ নম্বর ড্রাম থেকে নমুনা সংগ্রহ করা হয়। গতকাল তা আদালতে উপস্থাপন করা হয়।
পুলিশের তথ্যের ভিত্তিতে গত ৬ জুন কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের চালানটি চট্টগ্রাম বন্দরে জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত ২৭ জুন তেলের চালানের একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। এ ঘটনায় মাদক আইনে বন্দর থানায় মামলা করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাসায়নিক পরীক্ষাগারে একটি ড্রামের নমুনা পরীক্ষায় কোকেনের আলামত পাওয়া যায়। এ মামলায় ছয় আসামি গ্রেপ্তার আছেন।