পরীক্ষাপদ্ধতি পরিবর্তনের দাবিতে মানববন্ধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের পুরোনো পরীক্ষাপদ্ধতি বহাল রাখার দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। ২০১০-১১ শিক্ষাবর্ষের অনার্স পাঠ-১-এর শিক্ষার্থীরা এসব কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গত সোমবার সম্মিলিত গ্রেড পয়েন্ট (সিজিপিএ) অনুযায়ী নতুন পদ্ধতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০-১১ শিক্ষাবর্ষের অনার্স পাঠ-১-এর ফল প্রকাশিত হয়। কিন্তু নতুন পদ্ধতির কারণে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন কলেজে অনেক শিক্ষার্থী পরীক্ষায় পাস করতে পারেননি। ফলে এসব শিক্ষার্থী এখন দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারছেন না।বিক্ষোভকারী শিক্ষার্থীরা পরীক্ষার পুরোনো পদ্ধতি বহালের দাবি জানিয়ে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে কোনো বিষয়ে পাস না করলেও দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়া যেত। কিন্তু নতুন পদ্ধতিতে সিজিপিএ-১.৭৫ পয়েন্টের কম পেলে পরবর্তী বর্ষে ভর্তি হওয়া যায় না। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নগরের চট্টগ্রাম কলেজ, সরকারি মহিলা কলেজ, ইসলামিয়া কলেজ, হাজী মুহম্মদ মুহসীন কলেজ, সরকারি কমার্স কলেজ, ওমরগণি এমইএস কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।