পরীক্ষাপদ্ধতি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
ক্যারি অন পরীক্ষাপদ্ধতি পুনর্বহালের দাবিতে গতকাল সোমবার সকালে পাবনা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। শহরের আবদুল হামিদ সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা আবদুল হামিদ সড়কের প্রেসক্লাব মোড়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে প্রচলিত সব শিক্ষাব্যবস্থার মধ্যে মেডিকেল কলেজের শিক্ষাপদ্ধতি কঠিন। স্নাতকসহ বিভিন্ন কোর্সে ৩৩ নম্বর পেলে পাস করা যায়। কিন্তু মেডিকেল কোর্সে পাস করতে লিখিত, নৈর্ব্যক্তিক, মৌখিক ও ব্যবহারিক মিলে ৬০ শতাংশ নম্বর পেতে হয়। এতে প্রতিটি মেডিকেল শিক্ষার্থীকে প্রচুর পড়াশোনা করতে হয়। এতে যেকোনো একটি বিষয়ে তাঁদের ফেল করার সম্ভাবনা থাকে।
তাঁদের দাবি, মেডিকেল কলেজে দীর্ঘদিনের প্রচলিত কেরিঅন পদ্ধতিতে কোনো শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে প্রথম টার্মের পরীক্ষায় কোনো এক বিষয়ে ফেল করলে তাঁকে তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে ক্লাস করার সুযোগ দেওয়া হতো। কিন্তু ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে এই পদ্ধতি বাতিল করা হয়েছে। নতুন পদ্ধতিতে কোনো শিক্ষার্থী প্রথম টার্মে এক বিষয়ে ফেল করলে তাঁকে তৃতীয় বর্ষে ক্লাস করতে দেওয়া হবে না। তাই তাঁরা শিক্ষাজীবন স্বাভাবিক রাখতে দীর্ঘদিনের প্রচলিত ক্যারি অন পদ্ধতি পুনর্বহালের দাবি জানান।
শিক্ষার্থী মাসফিকা তাবাস্সুম বলেন, নতুন চালু হওয়া পদ্ধতিতে কোনো শিক্ষার্থী এক বিষয়ে ফেল করলে তাঁকে পুরো ছয় মাস বসে থাকতে হবে। সেই সঙ্গে পরবর্তী বছর তাঁকে ছোটদের সঙ্গে ক্লাস করতে হবে। এতে ওই শিক্ষার্থীর জীবনে হতাশা দেখা দিতে পারে।
মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মো. জুবায়ের মিয়া বলেন, পাবনা মেডিকেল কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে। এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তাই এখানে কলেজের কিছু করার নেই। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।