পরীক্ষামূলক নৌ চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা-ঘষিয়াখালী চ্যানেল ৬ মে থেকে নৌ-চলাচলের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আগামী মাস থেকে চ্যানেলটি পুরোপুরি খুলে দেওয়া হবে।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। চ্যানেলটি পুরোপুরি চালুর পর সুন্দরবনের শ্যালা নদী দিয়ে নৌচলাচল বন্ধ করা হবে বলে আশা প্রকাশ করেন নৌপরিবহনমন্ত্রী।
মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি সুন্দরবনের পাশ দিয়ে মংলা সমুদ্রবন্দর ও খুলনার সঙ্গে দেশের অন্য অংশের যোগাযোগের একমাত্র মাধ্যম। এ ছাড়া এটি বাংলাদেশ-ভারত নৌ-বাণিজ্য প্রটোকলভুক্ত নৌপথের প্রধান অংশ।
মন্ত্রী জানান, যেসব জাহাজ চলতে আট ফুট বা তার কম গভীরতার প্রয়োজন হয়, এখন সেগুলো চলাচল করছে। পূর্ণাঙ্গ খননের পর ওই চ্যানেলের গভীরতা বাড়লে বড় নৌযানগুলোও চলাচল করতে পারবে। পরীক্ষামূলকভাবে চালুর পর মংলা-ঘষিয়াখালী চ্যানেল দিয়ে গতকাল পর্যন্ত ২৭৬টি নৌযান চলাচল করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ চ্যানেলটি ২০১১ সাল থেকে পুরোপুরি বন্ধ ছিল। এটি চালু করতে গত বছরের পয়লা জুলাই থেকে খনন কার্যক্রম শুরু হয়। মোট ৩১ কিলোমিটারের এই চ্যানেলের মধ্যে ২২ কিলোমিটার পথ খনন করা হবে। ইতিমধ্যে ১৩ কিলোমিটার পথের খনন সম্পন্ন হয়েছে। এ জন্য ব্যয় হয়েছে ১১৩ কোটি টাকা। খনন করা এলাকায় ভাটার সময় প্রায় ১২০ থেকে ১৫০ ফুট প্রশস্ত ও ৮ থেকে ১০ ফুট গভীরতার পানি থাকে। তবে দু-একটি স্থানে অতিরিক্ত পলি জমার কারণে এর চেয়ে কম পানি থাকে।
মংলা থেকে বগুড়া খালের কাছ পর্যন্ত প্রায় নয় কিলোমিটার চ্যানেল খননের কাজ বাকি আছে।
নৌমন্ত্রী বলেন, এই চ্যানেলটি দেশের অন্যতম নৌপথ। কিন্তু নাব্যতা ক্রমান্বয়ে হ্রাস পাওয়ায় নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ৮৭ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিয়ে সুন্দরবনের ভেতর দিয়ে নৌযান চলাচল করার কারণে জ্বালানি ও সময়ের অপচয় হয়। পাশাপাশি অতি মূল্যবান জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার উপক্রম হচ্ছে, পরিবেশ বিনষ্ট হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন সচিব শফিক আলম মেহেদী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক প্রমুখ।