পরীক্ষামূলক পাইলিং শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর পরীক্ষামূলক পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় মাওয়া চৌরাস্তা পয়েন্টে এ কাজ শুরু হয়। পদ্মা সেতুর মূল কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের কর্মকর্তারা পাইল বসানোর আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে দুটি গরু, দুটি খাসি ও দুটি মোরগ জবাই দিয়ে নদীতে এসব প্রাণীর রক্ত ভাসিয়ে দেয়। পরে এসব প্রথা পালন ও প্রার্থনা শেষে ‘হ্যামার’ দিয়ে পাইলিংয়ের কাজ শুরু করা হয়। এ সময় চায়না মেজর ব্রিজের একাধিক কর্মকর্তা, পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জবাই দেওয়া প্রাণীর দেহের কিছু অংশ পানিতে ফেলে বাকিটা দিয়ে ভোজের আয়োজন করা হয়।
এদিকে পাইলিং ঘিরে নানা আনুষ্ঠানিকতায় পদ্মাপারের আশপাশের বিভিন্ন শ্রেণি-পেশার উৎসুক জনতা ভিড় জমায়।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের জানান, চায়না মেজর ব্রিজ তাদের নিজস্ব প্রথায় আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক পাইল বসানোর কাজ শুরু করেছে। তবে ২০ মার্চ পদ্মা সেতুর পরীক্ষামূলক পাইলিংয়ের মূল কাজ শুরু করা হবে।