বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল—এই চার দেশের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে চলতি মাসের শেষের দিকে যাত্রীবাহী বাসের পরীক্ষামূলক যাত্রা হবে। নভেম্বরের মাঝামাঝি হবে চার দেশের মধ্যে ‘মৈত্রী’ মোটর শোভাযাত্রা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে পরীক্ষামূলক বাস যাত্রার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২৯ অক্টোবর। যাত্রা শুরুর স্থানের ক্ষেত্রে দুটি বিকল্প রাখা হয়েছে, বাংলাদেশের চট্টগ্রাম কিংবা ভুটানের থিম্পু। চট্টগ্রাম থেকে যাত্রা করলে এটি ঢাকা-হাটিকুমরুল-বুড়িমারী হয়ে ভারতে প্রবেশ করবে। সেখান থেকে শিলিগুড়ি-জয়গাঁও হয়ে ভুটানের ফুয়েন্টশোলিং দিয়ে থিম্পু যাবে। থিম্পু থেকে শুরু হলে একই পথ ধরে চট্টগ্রামে আসবে। তবে রাজনৈতিক অস্থিরতা ও অবকাঠামোগত অসুবিধার কারণে পরীক্ষামূলক যাত্রীবাহী বাসের প্রথম যাত্রায় নেপাল থাকছে না।
‘মৈত্রী’ মোটর শোভাযাত্রা শুরু হবে আগামী ১৪ নভেম্বর। ভারতের ওডিশার ভুবনেশ্বর থেকে শোভাযাত্রাটি নেপাল ও ভুটান হয়ে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ২৮ নভেম্বর। ৩০ নভেম্বর ঢাকা হয়ে ভারতের কলকাতা গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে। মালবাহী যানবাহনের পরীক্ষামূলক যাত্রা হবে নভেম্বরের শেষের দিকে। এর আগে ভারতের শিলিগুড়িতে চার দেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বৈঠক হবে।
সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক প্রথম আলোকে বলেন, গত জানুয়ারিতে চার দেশের মধ্যে পুরোপুরি সড়ক যোগাযোগ স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ এগোচ্ছে। নভেম্বরে ‘মৈত্রী’ মোটর শোভাযাত্রার সময় মূল চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে যাত্রীবাহী বাস ও মালবাহী যানের পরীক্ষামূলক যাত্রা হবে।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে মালবাহী, যাত্রীবাহী এবং ব্যক্তিগত গাড়ি চলাচলের লক্ষ্যে ১৫ জুন ভুটানের থিম্পুতে রূপরেখা চুক্তি সই হয়। এর পরপরই কলিঙ্গ মোটরস নামে ভারতের একটি প্রতিষ্ঠান চার দেশের সড়কব্যবস্থার সমীক্ষা শুরু করে। ভারত, নেপাল ও ভুটানে সমীক্ষা শেষে চার সদস্যের একটি দল ১ অক্টোবর আখাউড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। চট্টগ্রাম হয়ে দলটি ঢাকায় আসে ৪ অক্টোবর। এডিবি চার দেশের সড়ক যোগাযোগের বিষয়ে কারিগরি সহায়তা দিচ্ছে।
চার দেশের মধ্যে সড়ক যোগাযোগের জন্য প্রাথমিকভাবে ছয়টি পথ নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে : ১. চট্টগ্রাম থেকে ঢাকা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বুড়িমারী হয়ে ভারতের চেংড়াবান্ধা-শিলিগুড়ি পর্যন্ত। ২. কলকাতা থেকে পেট্রাপোল হয়ে বাংলাদেশের বেনাপোল-ঢাকা হয়ে চট্টগ্রাম। ৩. ঢাকা থেকে হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বুড়িমারী হয়ে ভারতের চেংড়াবান্ধা-জয়গাঁও দিয়ে ভুটানের ফুয়েন্টশোলিং হয়ে থিম্পু। ৪. ঢাকা থেকে হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বাংলাবান্ধা হয়ে ভারতের ফুলবাড়ী-পানির ট্যাংক দিয়ে নেপালের কাকরভিটা হয়ে কাঠমান্ডু। ৫. ভারতের কলকাতা থেকে ঢাকা-সরাইল-সিলেট-তামাবিল হয়ে ভারতের ডাউকি-শিলং-গুয়াহাটি দিয়ে ভুটানের সামদ্রুপ ঝংকার। ৬. খুলনা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতের পেট্রাপোল দিয়ে কলকাতা পর্যন্ত।
রূপরেখা চুক্তি অনুসারে, চার দেশের মধ্যে চলাচল করতে হলে যানবাহনের বৈধ মালিকানা, ফিটনেস ও ইনস্যুরেন্সের হালনাগাদ দলিলাদি থাকতে হবে। স্থানীয় কিংবা আন্তর্জাতিক এক ধরনের লাইসেন্স থাকলেই চলবে চালকের। আর যাত্রীর থাকতে হবে বৈধ ভ্রমণ দলিল। প্রয়োজন হলে পথে যেকোনো দেশের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ যানবাহন পরিদর্শন করতে পারবে। ব্যক্তিগত, যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চলাচলের অনুমতি পাওয়ার জন্য আলাদা আলাদা ফরম পূরণ করতে হবে। বাণিজ্যিকভাবে পরিচালিত যাত্রী ও পণ্যবাহী যানের দীর্ঘমেয়াদি অনুমোদন লাগবে। আর ব্যক্তিগত গাড়ির অনুমতি হবে সাময়িক এবং তা তাৎক্ষণিকভাবে অভিবাসন কর্তৃপক্ষ দিতে পারবে।
চার দেশের মধ্যে যান চলাচলের সময় বহির্গমন ও শুল্ক-সংক্রান্ত বিষয়াদি মীমাংসা করা হবে স্ব-স্ব দেশের আইন ও দুই দেশের মধ্যে করা চুক্তি অনুসারে। তবে চার দেশ অনানুষ্ঠানিকভাবে একমত হয়েছে যে শুল্কহার চার দেশের জন্যই ডলারে নির্ধারণ করা হবে। আর তা পরিশোধ করা হবে স্ব-স্ব দেশের মুদ্রায়।