জাতীয় গ্যাস সঞ্চালন লাইনে গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ কমপ্রেসর স্টেশনের একটি কমপ্রেসর ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ইউনিটটি চালু করা হয়।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) সূত্রে জানা গেছে, পরীক্ষামূলকভাবে ইউনিটটি চালু করা হয়েছে। ইউনিটটি ৭২ ঘণ্টা সফলভাবে চললে এটি বাণিজ্যিকভাবে চালু করা হবে। গত ৫ এপ্রিল ওই ইউনিটসহ চারটি ইউনিট পরীক্ষামূলকভাবে চালু করা হয়। তখন তা সফল হয়নি। প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ কমপ্রেসর স্টেশনের কাজ সফলভাবে শেষ হওয়ার পর তা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। চারটি ইউনিটের মধ্যে ওই ইউনিটটি পরীক্ষামূলকভাবে চালু হওয়ার ফলে চট্টগ্রাম এবং ডেমরা লাইনের গ্যাস গ্রাহকদের সমস্যা কেটে যাবে।
জিটিসিএলের উপমহাব্যবস্থাপক আবদুল মোমেন জানান, গ্যাস উত্তোলনের পর তা এক হাজার পিএসআই (পাউন্ড পার স্কয়ার ইঞ্চি) চাপে গ্রাহকের কাছে পৌঁছানোর কথা থাকলেও সরবরাহ লাইনে বিপরীতমুখী শক্তি ও বাধায় এই চাপ দূরত্ব অনুসারে ধীরে ধীরে কমতে থাকে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস ও হবিগঞ্জ গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিড লাইনে গ্যাস সরবরাহ করা হলে আশুগঞ্জে পৌঁছাতে এই চাপ ৭৫০, ঢাকা ও আশপাশের এলাকায় ৫০০-৬০০ এবং খুলনা ও রাজশাহী অঞ্চলে ৪০০ পিএসআই বা তারও নিচে নেমে যায়। এভাবে চাপ কমার ফলে গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটে। তবে, কমপ্রেসর স্টেশনটি পুরোদমে চালু হলে তা কেটে যাবে।