চীন থেকে আমদানি করা ডেমু ট্রেন গতকাল শনিবার চট্টগ্রাম শহরে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ট্রেনটি বন্দর ফটক পর্যন্ত গিয়ে আটকে যায়। আবার গতি পরিবর্তন করে এটি চট্টগ্রাম স্টেশন থেকে ফৌজদারহাট পর্যন্ত চলেছে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আগামী ২৫ থেকে ২৭ মের মধ্যে আমরা চট্টগ্রাম অঞ্চলে ডেমু সার্ভিস চালু করতে পারব। এ জন্য কর্তৃপক্ষ চার সেট ডেমু চট্টগ্রামের জন্য বরাদ্দ দিয়েছে। এর মধ্যে দুই সেট ডেমু চলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলপথে। আরেকটি চট্টগ্রাম-লাকসাম এবং অন্য সেটটি চলবে চট্টগ্রাম শহর এলাকায়।রেল কর্মকর্তারা জানান, চট্টগ্রাম শহর ও শহরতলী এলাকায় ডেমু চালানো নিয়ে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর এলাকার ভেতরে যে রেলপথ রয়েছে তা সীমানা প্রাচীরবেষ্টিত। এ কারণে বন্দর কর্তৃপক্ষ গতকাল এই পথে ডেমু চালানোর অনুমতি দেয়নি। এই রেলপথ দিয়ে কেবল বন্দরের মালামাল পরিবহন হয়ে আসছে।