পরীক্ষার্থী ১১৩ জন। অংশ নিয়েছেন মাত্র ৩১ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের একটি বিষয়ের পূর্বনির্ধারিত পরীক্ষা ছিল গতকাল বৃহস্পতিবার।
বিভাগের শিক্ষকদের দাবি, সব পরীক্ষার্থী ক্যাম্পাসে উপস্থিত থাকলেও অবরোধের অজুহাতে অংশ নেননি। তবে পরীক্ষার্থীদের বক্তব্য, ২০-দলীয় জোটের অবরোধের কারণে তাঁরা ক্যাম্পাসে আসতে না পারায় পরীক্ষায় অংশ নিতে পারেননি।
নাম প্রকাশ না করার শর্তে ওই বর্ষের বেশ কয়েকজন পরীক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘আমাদের অনেক সহপাঠী পতেঙ্গা, রাউজান, পটিয়া ও ফটিকছড়ি থেকে পরীক্ষা দিতে আসেন। অবরোধের কারণে ওই এলাকা থেকে বাস ক্যাম্পাসের উদ্দেশে না ছাড়ায় অনেকেই আসতে পারেননি।’
তবে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, পরীক্ষা না দিয়ে অন্তত ৪০ জন পরীক্ষার্থী কলা ও মানববিদ্যা অনুষদ ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন সেকান্দর চৌধুরী সেখানে গেলে তাঁরা ঘটনাস্থল থেকে চলে যান।
জানতে চাইলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি সাখাওয়াত হোসাইন প্রথম আলোর কাছে দাবি করেন, পরীক্ষার্থীরা সবাই ক্যাম্পাসে এসেছে, হলের বাইরে বাইরে ঘুরেছে। কিন্তু পরীক্ষায় অংশ নেয়নি। তিনি বলেন, ‘এটি পূর্বনির্ধারিত পরীক্ষা। আগে থেকেই সিদ্ধান্ত ছিল। আমি বিভাগের সব শিক্ষকের সম্মতি নিয়েই পরীক্ষা নিয়েছি। তা ছাড়া বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষায় সব পরীক্ষার্থী অংশ নিয়েছে। তারা পরীক্ষা দিতে পারলে এরা (২য় বর্ষের) কেন পারবে না?’
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক সেকান্দর চৌধুরী বলেন, ‘বিভাগে পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি। অবরোধ হলেও চট্টগ্রাম নগর থেকে শাটল ট্রেন এবং শিক্ষক বাস ক্যাম্পাসে আসছে যথারীতি। ওই শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলেও ইচ্ছে করেই পরীক্ষা দেয়নি। আমি নিজেই তাদের ডেকেছি কিন্তু তারা আসেনি। শিক্ষার্থীদের স্বার্থেই পরীক্ষা নিয়েছি আমরা।’ পরীক্ষা না দেওয়া শিক্ষার্থীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।
লাগাতার অবরোধের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন চলছে। শিক্ষক বাসও গতকাল চলছে।